ময়মনসিংহে ৫০৭ কৃতি শিক্ষার্থীর মাঝে জেলা পরিষদের বৃত্তির চেক বিতরণ

আব্দুল্লাহ আল আমীন, ময়মনসিংহ প্রকাশিত: ডিসেম্বর ১৫, ২০২৫, ০৮:১০ পিএম
ময়মনসিংহে ৫০৭ কৃতি শিক্ষার্থীর মাঝে জেলা পরিষদের বৃত্তির চেক বিতরণ

ময়মনসিংহে ২০২৩ ও ২০২৪ সালে এসএসসি/সমমান এবং এইচএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ ৫০৭ জন কৃতি শিক্ষার্থীর মাঝে জেলা পরিষদের বৃত্তির চেক বিতরণ করা হয়েছে।

সোমবার ময়মনসিংহ জেলা পরিষদের আয়োজনে ভাষা শহীদ আব্দুল জব্বার মিলনায়তনে এ চেক বিতরণী অনুষ্ঠিত হয়। ময়মনসিংহের অতিরিক্ত বিভাগীয় কমিশনার তাহমিনা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার ফারাহ শাম্মী, এনডিসি।

স্বাগত বক্তব্যে ময়মনসিংহ জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ্ মো. কামরুল হুদা জানান, ২০২৩ ও ২০২৪ সালে এসএসসি/সমমান এবং এইচএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ আবেদনকৃত মোট ৫০৭ জন কৃতি শিক্ষার্থীকে এই বৃত্তি চেক প্রদান করা হবে। এইচএসসি শিক্ষার্থীদের ৭,০০০ টাকা এবং এসএসসি শিক্ষার্থীদের ৫,০০০ টাকার চেক প্রদান করা হবে। আগামী ৩০ এপ্রিল ২০২৬ তারিখ পর্যন্ত বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা ময়মনসিংহ জেলা পরিষদের নিকট থেকে এই চেক গ্রহণ করতে পারবে।

প্রধান অতিথি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “তোমরা নিজেরা নিজেদেরকে নিয়ে স্বপ্ন দেখতে হবে এবং সেই স্বপ্ন বাস্তবায়নে কাজ করতে হবে। তোমরাই আগামীর বাংলাদেশ। নিরাপদ বাংলাদেশ গড়ার লক্ষ্যে তোমরাই প্রধান হাতিয়ার। যাতে করে ভবিষ্যৎ বাংলাদেশ তোমাদের হাতে দিয়ে আমরা নিরাপদে থাকতে পারি।”

সভাপতির বক্তব্যে বলা হয়, “আজকের এই বৃত্তি চেক বিতরণটি তোমাদের অনাগত জীবনে উৎসাহ এবং অনুপ্রেরণা হিসেবে গ্রহণ করবে। তোমাদের অনেক দূর যেতে হবে। জীবনের প্রতিটি ক্ষেত্রেই সৎ থাকার চেষ্টা করবে। সততা ও অধ্যবসায় মানুষকে তার চূড়ান্ত লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করে।”

অনুষ্ঠানের শেষে শিক্ষার্থীরা প্রধান অতিথির হাত থেকে চেক গ্রহণ করেন। এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ, স্কুল-কলেজের শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দসহ গণমাধ্যম কর্মীবৃন্দ।

ইএইচ