ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদির (ওসমান হাদি) শাহাদাতের প্রতিবাদে বান্দরবানে সাবেক পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈ সিং-এর বাসভবনে অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ জনতা।
বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে বান্দরবান সদর এলাকার রাজার মাঠে অবস্থিত সাবেক এই মন্ত্রীর বাসভবনে হামলার ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে ১২টার দিকে বান্দরবান শহরের ট্রাফিক মোড় এলাকায় জড়ো হয়ে একদল বিক্ষুব্ধ জনতা ওসমান হাদি হত্যার বিচার দাবিতে বিভিন্ন স্লোগান দিতে শুরু করেন। পরবর্তীতে একটি বিক্ষোভ মিছিল বের করা হয় এবং মিছিলটি রাজার মাঠ এলাকায় অবস্থান নেয়। সেখানে বিক্ষোভ প্রদর্শনের একপর্যায়ে উত্তেজিত জনতা সাবেক মন্ত্রীর বাসভবনের ভেতরে প্রবেশ করে আগুন ধরিয়ে দেয়।
ঘটনার খবর পেয়ে সেনাবাহিনী, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। তাদের সম্মিলিত প্রচেষ্টায় আগুন নেভানো সম্ভব হয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। হাদির মৃত্যুকে কেন্দ্র করে দেশজুড়ে ছড়িয়ে পড়া অস্থিরতার আঁচ এখন পাহাড়েও অনুভূত হচ্ছে।
উল্লেখ্য, ঢাকা-৮ আসনে গণসংযোগকালে ঘাতকের গুলিতে আহত বিপ্লবী নেতা ওসমান হাদি চিকিৎসাধীন অবস্থায় গতরাতে সিঙ্গাপুরে শাহাদাত বরণ করেন। এই ঘটনার জেরে রাজধানীর পাশাপাশি দেশের বিভিন্ন জেলা শহরেও স্বতঃস্ফূর্ত প্রতিবাদ ও ক্ষোভ বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। জানমালের নিরাপত্তা নিশ্চিতে বর্তমানে বান্দরবান সদরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।ৎ
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন