গণমাধ্যম রক্ষা ও স্বাধীন সাংবাদিকতার দাবিতে নাটোরে রাজপথে সংবাদকর্মীরা

আব্দুল মজিদ, নাটোর প্রকাশিত: ডিসেম্বর ২০, ২০২৫, ০৪:২০ পিএম
গণমাধ্যম রক্ষা ও স্বাধীন সাংবাদিকতার দাবিতে নাটোরে রাজপথে সংবাদকর্মীরা

প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে বর্বরোচিত হামলা, অগ্নিসংযোগ ও লুটপাটের প্রতিবাদে এবং স্বাধীন সাংবাদিকতা রক্ষার দাবিতে নাটোরে বিশাল মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার দুপুরে শহরের কানাইখালি পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা এই কর্মসূচি পালন করেন।

ইউনাইটেড প্রেস ক্লাবের সভাপতি নাসিম উদ্দিনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন সিনিয়র সাংবাদিক রেজাউল করিম রেজা, অ্যাডভোকেট মুক্তার হোসেন এবং নাটোর প্রেস ক্লাবের সভাপতি শহিদুল হক সরকার। বক্তারা বলেন, গণমাধ্যম কার্যালয়ে হামলা স্বাধীন সাংবাদিকতার ওপর সরাসরি আঘাত। যারা এই অরাজকতা চালিয়েছে তারা প্রকৃতপক্ষে শহীদ শরীফ ওসমান বিন হাদির আদর্শকে ধারণ করে না; বরং এটি গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতার বিরুদ্ধে এক গভীর ষড়যন্ত্র।

বক্তারা অতীতের বিভিন্ন নিপীড়নের কথা স্মরণ করে বলেন, বিগত সময়ে ফ্যাসিস্ট শক্তির মদদে ‘আমার দেশ’, ‘সংগ্রাম’, ‘দিগন্ত টেলিভিশন’ ও ‘চ্যানেল ওয়ান’ সহ বিভিন্ন গণমাধ্যমের ওপর যে বর্বরতা চালানো হয়েছিল, তখন সাংবাদিক সমাজের অনেকে প্রত্যাশিত প্রতিবাদ করেননি। এখন আর নীরব থাকার সুযোগ নেই। তাঁরা বলেন, সংগ্রাম পত্রিকার সম্পাদকের লাঞ্ছনা কিংবা আমার দেশ সম্পাদকের ওপর রক্তক্ষয়ী হামলার মতো ঘটনার পুনরাবৃত্তি আর হতে দেওয়া হবে না। কোনো গণমাধ্যমকেই আর দলীয় ট্যাগ দিয়ে কণ্ঠরোধ করা যাবে না।

সমাবেশ থেকে সাংবাদিক ও গণমাধ্যম কর্মীদের ওপর সংঘটিত সকল হামলার দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। 

বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, ভয়ভীতি বা হামলা চালিয়ে গণমাধ্যমের কণ্ঠরোধ করা সম্ভব নয়; স্বাধীন ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা অব্যাহত রাখতে দেশের সাংবাদিক সমাজ এখন ঐক্যবদ্ধ। মানববন্ধনটিতে নাটোরের বিভিন্ন প্রেস ক্লাবের নেতৃবৃন্দসহ সর্বস্তরের গণমাধ্যমকর্মীরা সংহতি প্রকাশ করেন।

ইএইচ