নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের এশিয়ান হাইওয়ে মহাসড়কের সড়কের সিংলাবো ব্রিজ এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে ৭ ডাকাত সদস্যকে আটক করেছে পুলিশ।
শুক্রবার রাত ৮টার দিকে সড়কের পাশে একটি জঙ্গলে অবস্থান করে তারা বিভিন্ন যানবাহনে ডাকাতির প্রস্তুতি নিচ্ছেল। তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র, ছোড়া, চাপাতি, লোহার রড ও চাপাতি উদ্ধার করা হয়।
আটককৃত ডাকাতরা হলো- মো. আবদুল্লাহ (২২), মিন্টু (২১), হৃদয় (২০), সাগর (২৩), শিপন( ১৮), জাকির হোসেন (২৫) ও জিতেন্দ্র বর্মন(২২)।
জানা যায়, এশিয়ান হাইওয়ে সড়কের বিভিন্ন স্থানে প্রতিদিন সংঘবদ্ধ ডাকাত দল রাত হলেই বিভিন্ন যাত্রীবাহী গাড়ি সহ বিদেশ ফেরত যানবাহনকে টার্গেট করে যাত্রী ও প্রবাসীদের অস্ত্রের মুখে জিম্মি করে কুপিয়ে নগদ টাকা, স্বর্ণালংকার, মোবাইল ফোনসহ মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যান।
পুলিশ জানায়, শিংলাবো ব্রিজ এলাকায় সড়কের পাশে একটি জঙ্গলে ১০-১২ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল দেশীয় অস্ত্র নিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন। এসময় তালতলা তদন্ত কেন্দ্রের পুলিশ ওই এলাকায় টহল দেওয়া সময় টর্চলাইট জঙ্গলের দিকে জ্বালাতেই ডাকাতরা দৌড়ে পালানোর চেষ্টা করে। পরবর্তীতে পুলিশ তাদের ধাওয়া দিলে এলাকাবাসী ছুটে এসে ডাকাতদের ধরে গণপিটুনি দেয়।
তালতলা তদন্ত কেন্দ্রের পরিদর্শক আবদুল হক জানান, বিক্ষুব্ধ জনগণ তাদের গণধোলাই দেওয়ায় তারা আহত হয়েছে, আটকদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিবুল্লাহ বলেন, এশিয়ান হাইওয়ে সড়কে ডাকাতির প্রস্তুতিকালে ৭ ডাকাতকে আটক করা হয়েছে। শনিবার তাদের বিরুদ্ধে মামলা দায়েরের পর নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হবে।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন