ময়মনসিংহে ‘ভোটের গাড়ি’র উদ্বোধন করলেন বাণিজ্য উপদেষ্টা

আব্দুল্লাহ আল আমীন, ময়মনসিংহ প্রকাশিত: জানুয়ারি ১৯, ২০২৬, ০৮:২৪ পিএম
ময়মনসিংহে ‘ভোটের গাড়ি’র উদ্বোধন করলেন বাণিজ্য উপদেষ্টা

গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ সামনে রেখে জনগণকে উদ্বুদ্ধ করতে ময়মনসিংহে শুরু হয়েছে ভোটের গাড়ির সচেতনতামূলক প্রচারণা। 

সোমবার বিকেলে নগরের পলিটেকনিক ইনস্টিটিউট মাঠে গান ও ভিডিও ডিসপ্লের মাধ্যমে এ প্রচারণা কার্যক্রমের উদ্বোধন করা হয়।

বাণিজ্য এবং বস্ত্র ও পাট উপদেষ্টা শেখ বশিরউদ্দীন এ কর্মসূচির উদ্বোধন করেন। 

তিনি বলেন, গণভোটের মাধ্যমে নাগরিকদের মতামত প্রকাশের সুযোগ তৈরি হয়েছে। বৈচিত্র্যময় জনগোষ্ঠীর এ দেশে সবার অধিকার সমুন্নত রাখতে এবং একটি ঐক্যবদ্ধ জাতি গঠনের লক্ষ্যে গণভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ। 

বাণিজ্য উপদেষ্টা আরও বলেন, অতীতে দুর্বৃত্তায়নের মাধ্যমে ক্ষমতা কুক্ষিগত করা এবং জনগণের অধিকার হরণের ঘটনা ঘটেছে। ভবিষ্যতে যেন এমনটি আর না ঘটে, সে জন্য দেশের সব নাগরিককে গণভোটে অংশগ্রহণ করতে হবে। নাগরিক অধিকার নিশ্চিত করা ও কাঙ্ক্ষিত রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার জন্য গণভোটে নিজের ভোট দেওয়া প্রত্যেকের দায়িত্ব।

গণভোট বিষয়ে জনসচেতনতা সৃষ্টির অংশ হিসেবে ভোটের গাড়ির মাধ্যমে সংগীত, ভিডিও প্রদর্শনী ও বার্তামূলক প্রচারণা চালানো হচ্ছে। এ কার্যক্রম পর্যায়ক্রমে দেশের বিভিন্ন জেলা ও বিভাগে পরিচালিত হবে বলে আয়োজকেরা জানান।

অনুষ্ঠানে ময়মনসিংহ বিভাগীয় ও জেলা পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। ভোটের গাড়ির গান ও ভিডিও প্রদর্শনী সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করে।

ইএইচ