রাজবাড়ীর গোয়ালন্দে থানা পুলিশের পৃথক অভিযানে হেরোইনসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার বিকেলে দৌলতদিয়া ঘাট এলাকার চিহ্নিত মাদক স্পটগুলোতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
থানা সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে এসআই মো. বিল্লাল হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল দৌলতদিয়া ১নং গেট সংলগ্ন এলাকা থেকে জাহাঙ্গীর শেখ (২৭) নামে একজনকে গ্রেপ্তার করে। এ সময় তাঁর কাছ থেকে এক গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত জাহাঙ্গীর ওই এলাকার ইদ্রিস মোল্লার ছেলে।
একই দিনে অপর এক অভিযানে এসআই ফারুক হোসেন দৌলতদিয়ার লাল ভানুর গেট এলাকা থেকে আরও দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেন।
তাঁরা হলেন- ফরিদপুর সদর উপজেলার মো. সুজাত শেখ (২৫) ও জুয়েল মোল্লা (২১)। তাঁদের কাছ থেকেও এক গ্রাম হেরোইন জব্দ করা হয়েছে।
মঙ্গলবার পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মমিনুল ইসলাম। তিনি জানান, পৃথক অভিযানে গ্রেপ্তারকৃতদের কাছ থেকে মোট দুই গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে।
ওসি আরও জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার দুপুরে তাঁদের আদালতের মাধ্যমে রাজবাড়ী জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন