রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের গান্ধিমারা এলাকায় দ্রুতগতির একটি মাইক্রোবাসের চাপায় সলিম শিকদার (৫০) নামে এক ভ্যানযাত্রী কৃষকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে কালুখালী উপজেলার মদাপুর ইউনিয়নের গান্ধিমারা বাজারের অদূরে এই দুর্ঘটনা ঘটে।
নিহত সলিম শিকদার কালুখালী উপজেলার দুর্গাপুর গ্রামের মদিক শিকদারের ছেলে। তিনি পেশায় একজন কৃষক ছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানান, সলিম শিকদার ভ্যানে করে যাওয়ার সময় পেছন থেকে একটি দ্রুতগামী মাইক্রোবাস তাঁকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন।
রাজবাড়ী সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আজাদ বলেন, “সড়ক দুর্ঘটনায় আহত ওই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসার আগেই তাঁর মৃত্যু হয়েছে।” হাসপাতালের আনুষ্ঠানিকতা শেষে মরদেহটি বর্তমানে মর্গে রাখা হয়েছে।
পাংশা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মাকসুদুর রহমান মুরাদ বলেন, একটি সড়ক দুর্ঘটনার খবর আমরা পেয়েছি। বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ চলছে এবং মরদেহটি বর্তমানে রাজবাড়ী সদর হাসপাতালে রয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে। ঘাতক মাইক্রোবাসটি শনাক্তের চেষ্টা চলছে বলেও তিনি জানান।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন