গাজীপুরের নবনিযুক্ত জেলা প্রশাসক (ডিসি) মো. নুরুল করিম ভূঁইয়া জেলার উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠায় স্থানীয় গণমাধ্যমকর্মীদের আন্তরিক সহযোগিতা কামনা করেছেন। বুধবার বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এই আহ্বান জানান।
মতবিনিময় সভায় জেলা প্রশাসকের সঙ্গে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. সোহেল রানা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সালমা খাতুন এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সাধারণ) মো. শাহরিয়ার নাজির।
সভায় জেলার সিনিয়র সাংবাদিক ও গাজীপুর প্রেসক্লাবের নেতৃবৃন্দ অংশ নেন। তাদের মধ্যে ছিলেন এনটিভির স্টাফ রিপোর্টার নাসির আহমেদ, এটিএন বাংলার মাজহারুল ইসলাম মাসুম, দিনকালের দেলোয়ার হোসেন, যুগান্তরের শাহ শামসুল হক রিপন, মোস্তাফিজুর রহমান টিটু, মো. মুজিবুর রহমান, দৈনিক সংগ্রামের মো. রেজাউল বারী বাবুল, দেশ রূপান্তরের মো. আমিনুল ইসলাম, নয়া দিগন্তের শেখ মো. আজিজুল হক এবং মনিরুজ্জামানসহ অন্যান্য গণমাধ্যমকর্মী।
সভায় সাংবাদিকরা জেলার উন্নয়ন, জনসেবা, তথ্যের স্বচ্ছতা এবং মাঠপর্যায়ের বিভিন্ন সমস্যা তুলে ধরেন। তারা বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে প্রশাসনের সঙ্গে ইতিবাচক সমন্বয়ের প্রত্যয় ব্যক্ত করেন।
জেলা প্রশাসক মো. নুরুল করিম ভূঁইয়া তার বক্তব্যে বলেন, "সাংবাদিকরা সমাজের দর্পণ। তাদের মাধ্যমেই জনগণের প্রত্যাশা ও সমস্যা প্রশাসনের কাছে পৌঁছায়।" তিনি আরও বলেন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে গাজীপুরকে একটি আধুনিক ও জনবান্ধব জেলা হিসেবে গড়ে তুলতে প্রশাসন ও গণমাধ্যমকে একযোগে কাজ করতে হবে। সরকারের উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে তিনি সাংবাদিকদের গঠনমূলক পরামর্শ ও সহযোগিতা প্রত্যাশা করেন।
প্রাণবন্ত আলোচনার মধ্য দিয়ে সভাটি শেষ হয়, যেখানে জেলার সার্বিক উন্নয়নে প্রশাসন ও সংবাদমাধ্যম ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করে।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন