আইজিপি

আইনশৃঙ্খলা ও সুশাসন নিশ্চিতে পুলিশের অগ্রাধিকার

রাকিবুল হাসান, রাজশাহী প্রকাশিত: মার্চ ২৭, ২০২৬, ০৭:২১ পিএম
আইনশৃঙ্খলা ও সুশাসন নিশ্চিতে পুলিশের অগ্রাধিকার

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা এবং ন্যায়বিচার ও সুশাসন নিশ্চিত করাই পুলিশের প্রধান অগ্রাধিকার বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।

শুক্রবার বিকেলে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) সদর দফতরের সামনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

আইজিপি বলেন, দেশের উন্নয়ন ও বিনিয়োগের পরিবেশ তৈরি করতে আইনশৃঙ্খলা রক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জানমালের নিরাপত্তা নিশ্চিত না হলে বিনিয়োগ আকৃষ্ট করা সম্ভব নয়। এই লক্ষ্য অর্জনে মাঠপর্যায়ে পুলিশই মূল দায়িত্ব পালন করে এবং অন্য বাহিনীগুলো সহযোগী হিসেবে কাজ করে।

বিগত ৫ আগস্ট পরবর্তী পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, ওই সময় পুলিশের মনোবল অনেকটাই ভেঙে পড়েছিল। তবে হারানো আস্থা ও গৌরব পুনরুদ্ধারে বর্তমানে জোর তৎপরতা চলছে। জনগণের বিশ্বাস ফেরাতে পুলিশ সদস্যরা নিরলসভাবে দায়িত্ব পালন করছেন। সাম্প্রতিক নির্বাচনকে তিনি ইতিহাসের অন্যতম বিশ্বাসযোগ্য নির্বাচন হিসেবেও উল্লেখ করেন।

মাদকবিরোধী কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করে আইজিপি বলেন, মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অব্যাহত থাকবে। তরুণ সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে মাদক নির্মূলে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। কোনো মাদক কারবারি বা উগ্রবাদীকে ছাড় দেওয়া হবে না।

জ্বালানি সংকট ও কালোবাজারি প্রসঙ্গে তিনি বলেন, শুধু আইন প্রয়োগ করে এই সমস্যা পুরোপুরি সমাধান সম্ভব নয়। এর জন্য সামাজিক ও নৈতিক চেতনার উন্নয়ন জরুরি। মতবিনিময় সভায় পুলিশ সদর দফতর, রাজশাহী রেঞ্জ ও আরএমপি-র ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জেএইচআর