খুলনায় নবনির্মিত আধুনিক কর ভবনের শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে জাতীয় সংসদের হুইপ ও খুলনা-৩ আসনের সংসদ সদস্য রকিবুল ইসলাম বকুল এই ভবনের ফলক উন্মোচন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি দেশের অর্থনীতিতে করদাতার গুরুত্ব এবং কর কর্মকর্তাদের আচরণের আমূল পরিবর্তনের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবদুর রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু এবং জেলা পরিষদের প্রশাসক এস এম মনিরুল হাসান বাপ্পী। এছাড়া জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকী, আহসান হাবিব এবং খুলনার কর কমিশনার শ্রাবণী চাকমা অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
প্রধান অতিথির বক্তব্যে রকিবুল ইসলাম বকুল বলেন, দেশের অবকাঠামোগত উন্নয়নের বড় যোগান আসে জনগণের ট্যাক্স থেকে। তবে সাধারণ মানুষের মধ্যে টিআইএন (TIN) সার্টিফিকেট নিয়ে এক ধরণের ভীতি কাজ করে। কর্মকর্তাদের অতিউৎসাহী আচরণ ও হয়রানির আশঙ্কায় নতুন করদাতা তৈরি হচ্ছে না, যা অর্থনীতির জন্য শুভ নয়। তিনি স্পষ্ট করে বলেন, তারেক রহমানের সরকারে ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু হবেন, আতঙ্ক নয়।
হুইপ বকুল আরও উল্লেখ করেন, বর্তমান সরকারের প্রধান এজেন্ডা হলো করের হার না বাড়িয়ে করদাতার সংখ্যা বাড়ানো। সরকার ইতিমধ্যে ফ্যামিলি কার্ড, কৃষি ঋণ মওকুফ এবং ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের ভাতা চালু করে প্রতিশ্রুতি রক্ষা করেছে। আগামী পহেলা বৈশাখ থেকে কৃষক কার্ড বিতরণ শুরু হবে জানিয়ে তিনি বলেন, এসব সামাজিক নিরাপত্তা কর্মসূচির অর্থ রাজস্ব খাত থেকেই আসবে, যার ফলে মূল্যস্ফীতির কোনো ঝুঁকি থাকবে না।
খুলনার আঞ্চলিক অর্থনীতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, একসময়ের শিল্পনগরী খুলনার শিল্প ও মৎস্য খাত আজ ধ্বংসের পথে। অবহেলিত এই অঞ্চলে কুটির শিল্প থেকে শুরু করে বৃহৎ শিল্পকারখানা পুনরায় গড়ে তুলে অর্থনীতিকে সচল করার প্রতিশ্রুতি দেন তিনি। করদাতাদের পুরস্কৃত করার মাধ্যমে কর দানে উৎসাহিত করার পরামর্শ দিয়ে তিনি একটি বৈষম্যহীন ও জনবান্ধব কর ব্যবস্থা গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন