চাঁদপুরে যাত্রীবাহী ট্রলার থেকে মাদকসহ দুই পাচারকারী আটক

চাঁদপুর প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ১৩, ২০২৬, ০৭:৪০ পিএম
চাঁদপুরে যাত্রীবাহী ট্রলার থেকে মাদকসহ দুই পাচারকারী আটক

চাঁদপুরের মেঘনা নদীর মোহনা এলাকায় একটি যাত্রীবাহী ট্রলারে অভিযান চালিয়ে ৫ কেজি গাঁজাসহ দুই মাদক পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড। 

সোমবার বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজ বেলা ১১টার দিকে কোস্ট গার্ড স্টেশন চাঁদপুর কর্তৃক মেঘনা মোহনা সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন সন্দেহভাজন একটি যাত্রীবাহী ট্রলার তল্লাশি করে ৫ কেজি গাঁজাসহ দুই পাচারকারীকে আটক করা হয়। জব্দকৃত এই মাদকের আনুমানিক বাজারমূল্য ১ লক্ষ ৫০ হাজার টাকা।

আটককৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন আরও বলেন, মাদক পাচার রোধে কোস্ট গার্ডের এ ধরনের কঠোর অভিযান ভবিষ্যতেও নিয়মিত অব্যাহত থাকবে।

জেএইচআর