গাজীপুরে অনিয়মতান্ত্রিক ভবন নির্মাণের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ (গাউক)। নিয়মবহির্ভূত নির্মাণ ঠেকাতে পরিচালিত অভিযানে ভুয়া নকশায় নির্মিত ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নসহ বিভিন্ন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার জয়দেবপুর রাজদিঘির পাড় এলাকায় এই অভিযান পরিচালিত হয়। গাউকের সচিব মেহেদী হাসানের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে অথোরাইজড অফিসার জান্নাতুল নাইমা ও ইন্সপেক্টর মুরাদ আলী খানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেন।
অভিযানকালে ভুয়া নকশা ব্যবহার করে নির্মাণাধীন পাঁচটি ভবনের বিদ্যুৎ সংযোগ তাৎক্ষণিকভাবে বিচ্ছিন্ন করে দেওয়া হয়। একই সঙ্গে ভবনগুলোর নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। এসব ভবন মালিকদের বিরুদ্ধে নিয়মিত মামলাসহ আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
গাউকের কর্মকর্তারা জানান, অনুমোদিত নকশা না মেনে কিংবা সম্পূর্ণ ভুয়া প্ল্যান ব্যবহার করে ভবন নির্মাণ করা হচ্ছে, যা পরিকল্পিত নগরায়ণের জন্য বড় হুমকি। এ ধরনের অনিয়ম বন্ধে এখন থেকে নিয়মিত তদারকি ও অভিযান চালানো হবে।
গাউকের সচিব মেহেদী হাসান বলেন, পরিকল্পিত শহর নিশ্চিত করতে আমরা আপসহীন। কোনোভাবেই অবৈধ স্থাপনা নির্মাণ করতে দেওয়া হবে না। শহরের সৌন্দর্য ও নিরাপত্তা রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
দীর্ঘদিন ধরে নিয়ম উপেক্ষা করে ভবন নির্মাণ করে আসা অসাধু মহলের বিরুদ্ধে এই অভিযানে স্থানীয় বাসিন্দারা স্বস্তি প্রকাশ করেছেন। নগরবাসী এমন নিয়মিত অভিযানের দাবি জানিয়েছেন।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন