রাজশাহীতে লিগ্যাল এইড জোরদারের আহ্বান, সেরা আইনজীবীদের সম্মাননা

রাকিবুল হাসান, রাজশাহী প্রকাশিত: এপ্রিল ২৮, ২০২৬, ০৩:০৭ পিএম
রাজশাহীতে লিগ্যাল এইড জোরদারের আহ্বান, সেরা আইনজীবীদের সম্মাননা

দরিদ্র জনগোষ্ঠীর ন্যায়বিচার নিশ্চিত করতে সরকারি খরচে পরিচালিত লিগ্যাল এইড কার্যক্রম আরও জোরদারের আহ্বান জানানো হয়েছে। জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে মঙ্গলবার রাজশাহীতে আয়োজিত এক আলোচনা সভায় বক্তারা এই আহ্বান জানান।

‘সরকারি খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সকালে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। জেলা ও দায়রা জজ আদালত চত্বর থেকে শুরু হয়ে র‍্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। এতে বিচারক, আইনজীবী ও প্রশাসনের কর্মকর্তারা অংশ নেন।

আলোচনা সভায় জেলা লিগ্যাল এইড অফিসার মো. শরিফুল ইসলাম খান বিগত দিনের সাফল্যের চিত্র তুলে ধরেন। তিনি জানান, ২০২৫ সালে ৭০১টি এডিআর আবেদনের মধ্যে ৬২১টি নিষ্পত্তি করে ১ কোটি ১১ লাখ ৮৬ হাজার ১১৬ টাকা আদায় ও বিতরণ করা হয়েছে।

চলতি বছর (২৬ এপ্রিল পর্যন্ত) ১৯৪টি আবেদনের বিপরীতে ২৪২টি নিষ্পত্তি করে ৪৫ লাখ ২৩ হাজার ৬৫১ টাকা আদায় করা হয়েছে। এছাড়া ৩১৭ জনকে আইনি পরামর্শ ও ১২৯টি মামলা নিষ্পত্তি করা হয়েছে।

সিনিয়র জেলা ও দায়রা জজ এএইচএম মাহমুদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার ড. আ ন ম বজলুর রশীদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান ও জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম। বক্তারা বলেন, মামলার জট কমাতে বিকল্প বিরোধ নিষ্পত্তি (এডিআর) পদ্ধতি অত্যন্ত কার্যকর ভূমিকা রাখছে।

লিগ্যাল এইড কার্যক্রমে বিশেষ অবদানের জন্য ২০২৬ সালের সেরা প্যানেল আইনজীবী হিসেবে অ্যাডভোকেট নীলিমা বিশ্বাস (নারী) ও অ্যাডভোকেট আদীব ইমাম ডালিম (পুরুষ)-কে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

জেএইচআর