চট্টগ্রাম নগরের নন্দনকানন এলাকায় হিন্দুদের জমি দখলের চেষ্টাকে কেন্দ্র করে ইসকনের সদস্যদের সাথে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের লোকজনের দফায় দফায় সংঘর্ষ হয়েছে।
শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে ঘটা এই সহিংসতায় কমপক্ষে চারজন আহত হয়েছেন এবং এই ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, শুক্রবার গভীর রাতে ইসকনের একটি দল নন্দনকানন এলাকার লোকনাথ মন্দির সংলগ্ন একটি জায়গায় জোরপূর্বক প্রবেশের চেষ্টা চালায়। ওই সময় এলাকার সাধারণ সনাতন ধর্মাবলম্বীদের সাথে তাদের তীব্র কথা-কাটাকাটি শুরু হয়, যা মুহূর্তের মধ্যে বড় ধরনের সংঘাতের রূপ নেয়। সংঘর্ষের সময় মন্দির প্রাঙ্গণের একটি কক্ষ ভাঙচুর করা হয় এবং বেশ কিছু বৈদ্যুতিক সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়।
নগর পুলিশের দক্ষিণ বিভাগের উপ-কমিশনার হোসাইন কবির ভূঁইয়া জানান, মূলত লোকনাথ মন্দিরের জায়গা নিয়ে ইসকন ও অন্যান্য সাধারণ হিন্দুদের মধ্যে এই মারামারি হয়েছে। গভীর রাতে ইসকন সমর্থকেরা ওই এলাকায় প্রবেশ করলে সাধারণ হিন্দুরা বাধা দেয় এবং সংঘর্ষ শুরু হয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং বর্তমানে সেখানকার পরিবেশ শান্ত রয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, লোকনাথ মন্দির সংলগ্ন এলাকায় কিছু খাসজমি রয়েছে, যার নিয়ন্ত্রণ ও মালিকানা নিয়ে দীর্ঘদিন ধরে ইসকন এবং স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মধ্যে বিরোধ চলছে।
স্থানীয়দের অভিযোগ, ইসকন ওই জমি নিজেদের কবজায় নেওয়ার জন্য দীর্ঘদিন ধরে চেষ্টা চালিয়ে আসছে। অন্যদিকে এলাকার সাধারণ হিন্দুরা মনে করেন, এই জায়গা ও মন্দির তাদের নিজস্ব ধর্মীয় সম্পত্তি এবং এখানে বাইরের কোনো সংগঠনের হস্তক্ষেপ তারা কোনোভাবেই মেনে নেবেন না।
এএন
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন