চৌগাছায় ফুল ব্যবসায়ীর দোকানের তালা ভেঙে দেড় লাখ টাকা চুরি

চৌগাছা (যশোর) প্রতিনিধি প্রকাশিত: জুন ৮, ২০২৬, ০৮:৫০ পিএম
চৌগাছায় ফুল ব্যবসায়ীর দোকানের তালা ভেঙে দেড় লাখ টাকা চুরি

যশোরের চৌগাছা বাজার এলাকায় এক ফুল ব্যবসায়ীর দোকানের তালা ভেঙে নগদ প্রায় দেড় লাখ টাকা চুরির ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে সোমবার (৮ জুন) দুপুরে চৌগাছা বাজারের প্রেসক্লাব মোড় এলাকায়।

ভুক্তভোগী ব্যবসায়ী হোসেন, ‘হোসেন ফুল ঘর’ নামের একটি ফুলের দোকানের মালিক। তিনি জানান, প্রতিদিনের মতো দোকানে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনার সময় দুপুরে নামাজের জন্য অজু করতে যাওয়ার আগে দোকানের ড্রয়ার ও মূল ফটকে তালা লাগিয়ে বাইরে যান। কিছুক্ষণ পর ফিরে এসে দেখেন দোকানের তালা ভাঙা এবং ড্রয়ারে রাখা নগদ প্রায় ১ লাখ ৫০ হাজার টাকা উধাও।

তার অভিযোগ, সংঘবদ্ধ চোরচক্র পরিকল্পিতভাবে তালা ভেঙে অল্প সময়ের মধ্যেই টাকাগুলো নিয়ে পালিয়ে গেছে।

ঘটনার পর বাজারের ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় ব্যবসায়ীরা জানান, দিনের বেলায় এমন চুরির ঘটনা বাজার এলাকার নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতাকেই সামনে নিয়ে এসেছে। তারা দ্রুত চোরদের শনাক্ত ও গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

ভুক্তভোগী ব্যবসায়ী প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর কাছে ঘটনার সুষ্ঠু তদন্ত, চুরি হওয়া অর্থ উদ্ধার এবং জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

এ ঘটনায় থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে। পাশাপাশি বাজার এলাকায় নিরাপত্তা জোরদার এবং সিসিটিভি নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ী ও সচেতন নাগরিকরা।

এম জি