মাগুরা জেলার উন্নয়ন, নাগরিক সেবা নিশ্চিতকরণ এবং বিভিন্ন জনভোগান্তির বিষয় চিহ্নিত করে কার্যকর পদক্ষেপ গ্রহণে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেছেন নবনিযুক্ত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোতাকাব্বীর আহমেদ।
সোমবার (৮ জুন) বিকেল ৩টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে কর্মরত সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা এবং উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে খোলামেলা আলোচনা হয়।
সভায় দৈনিক আমার সংবাদের জেলা প্রতিনিধি মিরাজ আহমেদ মাগুরা শহরের দীর্ঘদিনের যানজট, জেলার ক্রমবর্ধমান বেকারত্ব, মাগুরা মেডিকেল কলেজের অবকাঠামো নির্মাণের অগ্রগতি এবং পরিত্যক্ত টেক্সটাইল মিল পুনরায় চালুর বিষয়ে জেলা প্রশাসনের অবস্থান জানতে চান।
জবাবে জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ বলেন, মাগুরার যানজট নিরসনে সংশ্লিষ্ট দপ্তরগুলোর সঙ্গে সমন্বয় করে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি, উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে। তিনি সাংবাদিকদের উত্থাপিত বিষয়গুলো নোট করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।
মতবিনিময় সভায় সাংবাদিকরা শিল্পকলা একাডেমি ভবন নির্মাণ, খাল খনন ও জলাবদ্ধতা নিরসন, সরকারি দপ্তরে জবাবদিহিতা নিশ্চিতকরণ, সাংবাদিকদের নিরাপত্তা, তথ্যপ্রাপ্তির সুযোগ বৃদ্ধি, অবৈধভাবে মাটি কাটা ও ইটভাটা পরিচালনা, নিবন্ধিত অনলাইন সংবাদমাধ্যমের স্বীকৃতি, ভুয়া সামাজিক যোগাযোগমাধ্যমের পেজ ও অপপ্রচার রোধ, মহাসড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা, ফুটপাত দখলমুক্তকরণ, কৃষি উৎপাদন বৃদ্ধি, স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মতামত তুলে ধরেন।
প্রথম আলোর জেলা প্রতিনিধি কাজী আশিকুর রহমান শশি প্রশাসনিক স্বচ্ছতা, গণমাধ্যমের পেশাগত মানোন্নয়ন এবং তথ্যপ্রবাহ সহজ করার বিষয়ে বক্তব্য দেন। এছাড়া কামরুল ইসলাম, ইউনুস আলী, ওবায়দুর রহমান, ফারুক আহমেদসহ অন্যান্য সাংবাদিক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে পরামর্শ প্রদান করেন।
জেলা প্রশাসক বলেন, “মাগুরার উন্নয়নে গণমাধ্যম গুরুত্বপূর্ণ অংশীদার। সাংবাদিকদের গঠনমূলক সমালোচনা ও পরামর্শ প্রশাসনের কার্যক্রমকে আরও জনমুখী করতে সহায়তা করবে। জেলার সমস্যা চিহ্নিত করে সেগুলোর সমাধানে জেলা প্রশাসন আন্তরিকভাবে কাজ করবে।”
তিনি আরও বলেন, নাগরিক সেবা সহজীকরণ, সরকারি অফিসে শৃঙ্খলা ও জবাবদিহিতা বৃদ্ধি, যানবাহন ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে জেলা প্রশাসন সক্রিয় ভূমিকা পালন করবে।
সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল কাদের, জেলা তথ্য কর্মকর্তা পাভেল দাসসহ জেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা এবং জেলার গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
সভা শেষে জেলার উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং জনগণের প্রত্যাশা পূরণে প্রশাসন ও গণমাধ্যমের সমন্বিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।
এম জি
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন