স্বাস্থ্য সচিব

চিকিৎসা সেবায় অবহেলা ও অনিয়ম বরদাশত করা হবে না

রনি আকন্দ, কালাই (জয়পুরহাট) প্রকাশিত: জুন ১৯, ২০২৬, ০৯:২২ পিএম
চিকিৎসা সেবায় অবহেলা ও অনিয়ম বরদাশত করা হবে না

অসুস্থ মানুষের চিকিৎসাসেবায় অবহেলা, খাবার ব্যবস্থাপনায় অনিয়ম কিংবা দায়িত্ব পালনে গাফিলতি কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব কামরুজ্জামান চৌধুরী।

শুক্রবার দুপুরে জয়পুরহাটের কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্য সচিব বলেন, জনগণের জন্য উন্নত, সহজলভ্য ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। সরকারি হাসপাতালের প্রতি মানুষের আস্থা বাড়াতে আন্তরিকতা ও সেবার মান বৃদ্ধির কোনো বিকল্প নেই।

তিনি আরও বলেন, দেশের স্বাস্থ্য খাতকে শক্তিশালী করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালের অবকাঠামো উন্নয়ন, শয্যাসংখ্যা বৃদ্ধি, আধুনিক চিকিৎসা সরঞ্জাম সরবরাহ, জনবল নিয়োগ এবং সেবার মানোন্নয়নে ধারাবাহিক কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।

পরিদর্শনের সময় সচিব হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং চিকিৎসাসেবার সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণ করেন। এ সময় তিনি রোগীদের সঙ্গে কথা বলে সেবার মান সম্পর্কে খোঁজখবর নেন।

পরে হাসপাতালের চিকিৎসক, নার্স ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নিয়ে স্বাস্থ্যসেবার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন জয়পুরহাটের সিভিল সার্জন ডা. মো. আল মামুন, জয়পুরহাট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. রাশেদ মোবারক জুয়েল, কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম আরা, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. শফিকুল ইসলাম, আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. নাহিদ নাজনীন ডেইজি, ডা. আহসান হাবীবসহ স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মকর্তারা।

স্বাস্থ্য সচিব জানান, দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে পর্যায়ক্রমে ১০১ শয্যায় উন্নীত করার পরিকল্পনা নিয়েছে সরকার। এ লক্ষ্য বাস্তবায়নে চলমান পরিদর্শন কার্যক্রমের অংশ হিসেবে তিনি কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন।

তিনি বলেন, জনগণের দোরগোড়ায় আরও উন্নত ও মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

এম জি