কুড়িগ্রামে ক্যাডেট এএসআই (নিরস্ত্র) নিয়োগ পরীক্ষার প্রাথমিক বাছাই সম্পন্ন

সাইফুল ইসলাম, কুড়িগ্রাম প্রকাশিত: জুন ১৯, ২০২৬, ০৯:৩৯ পিএম
কুড়িগ্রামে ক্যাডেট এএসআই (নিরস্ত্র) নিয়োগ পরীক্ষার প্রাথমিক বাছাই সম্পন্ন

‘সেবার ব্রতে চাকরি’-এই স্লোগানকে সামনে রেখে কুড়িগ্রামে বাংলাদেশ পুলিশে ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ পরীক্ষা-২০২৬ এর প্রাথমিক বাছাই পর্ব অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৯ জুন) কুড়িগ্রাম পুলিশ লাইন্স মাঠে নিয়োগ পরীক্ষার দ্বিতীয় দিনের কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে প্রাথমিক বাছাইয়ে উত্তীর্ণ প্রার্থীরা শারীরিক যোগ্যতা যাচাইয়ের অংশ হিসেবে ১৬০০ মিটার দৌড় (পুরুষ), ১০০০ মিটার দৌড় (নারী), লং জাম্প ও হাই জাম্প ইভেন্টে অংশ নেন।

এ সময় কুড়িগ্রামের পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি (পিপিএম) বাছাই পর্বে অংশগ্রহণকারীদের শুভেচ্ছা ও শুভকামনা জানান। তিনি বলেন, শতভাগ মেধা ও যোগ্যতার ভিত্তিতে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। কেউ যেন কোনো ধরনের প্রতারকের খপ্পরে পড়ে প্রতারিত না হয়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।

অনুষ্ঠানে পুলিশ হেডকোয়ার্টার্সের প্রতিনিধি দল ও নিয়োগ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

আগামী ২০ জুন ২০২৬ তারিখে দ্বিতীয় দিনের ইভেন্টে উত্তীর্ণ প্রার্থীরা Physical Endurance Test (PET)-এর অংশ হিসেবে পুশআপ, সিটআপ, ড্র্যাগিং ও রোপ ক্লাইম্বিংয়ে অংশগ্রহণ করবেন।

এম জি