‘একটু ধৈর্য ধরুন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হবেই’-এমন মন্তব্য করেছেন পানি সম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। তিনি বলেন, টেকনিক্যাল কমিটির পরীক্ষা-নিরীক্ষা শেষে প্রতিবেদন পাওয়ার পর মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান নিজে এসে তিস্তা মহাপরিকল্পনার কাজের উদ্বোধন করবেন।
শুক্রবার (১৯ জুন) সন্ধ্যা সাড়ে ৬টায় রংপুরের কাউনিয়া রেলসেতু সংলগ্ন তিস্তা নদীর পাড়ে তিনি এসব কথা বলেন।
পানি সম্পদমন্ত্রী বলেন, একটি রাজনৈতিক দল ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে। নির্বাচনের আগে তারা কোথায় ছিল এবং তিস্তা ইস্যুতে কী ধরনের আন্দোলন-সংগ্রাম করেছে, তা জনগণ জানে। এখন তারা বিভিন্ন কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে ২২ সদস্যের টেকনিক্যাল কমিটিকে সঙ্গে নিয়ে তিনজন মন্ত্রী পুরো তিস্তা নদী এলাকা পরিদর্শন করেছেন। প্রকল্প বাস্তবায়নে সরকার আন্তরিকভাবে কাজ করছে।
ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবীব দুলু বলেন, একসময় তিস্তা ছিল মায়ের মতো, কিন্তু এখন নদীটি রাক্ষুসে রূপ নিয়েছে। শুষ্ক মৌসুমে পানি থাকে না, আবার বর্ষায় দুই তীর ভেঙে ব্যাপক দুর্ভোগ সৃষ্টি করে।
তিনি বলেন, তিস্তা বাঁচাও আন্দোলনের সময় বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান আন্দোলনের সঙ্গে যুক্ত হয়ে আশ্বাস দিয়েছিলেন যে বিএনপি ক্ষমতায় এলে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে। টেকনিক্যাল কমিটির প্রতিবেদন পাওয়ার পর একনেক সভায় প্রকল্প অনুমোদন দিয়ে কাজ শুরু করা হবে।
পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশেই তিন মন্ত্রী তিস্তা নদী পরিদর্শনে এসেছেন। টেকনিক্যাল কমিটির প্রতিবেদন পাওয়ার পরই বাস্তবায়ন কার্যক্রম শুরু হবে।
এ সময় রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও মহানগর বিএনপির আহ্বায়ক সামসুজ্জামান সামু, জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন, লালমনিরহাটের জেলা প্রশাসক মুহা. রাশেদুল হক প্রধান, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলামসহ স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এম জি
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন