রূপগঞ্জে ৪ পুলিশকে অপহরণ চেষ্টার অভিযোগে ৪ ডিবি পুলিশ গ্রেপ্তার

আড়াইহাজার (নারায়ণগঞ্জ)প্রতিনিধি প্রকাশিত: জুন ১৯, ২০২৬, ০৯:৪৮ পিএম
রূপগঞ্জে ৪ পুলিশকে অপহরণ চেষ্টার অভিযোগে ৪ ডিবি পুলিশ গ্রেপ্তার

নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক যুবককে অপহরণের চেষ্টার অভিযোগে চার পুলিশ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় গ্রেপ্তারকৃত চার পুলিশ সদস্যসহ মোট ছয়জনকে আসামি করে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন ভুক্তভোগী অমিত হাসান। এর আগে বৃহস্পতিবার রূপগঞ্জের গাউছিয়া ও আড়াইহাজারের শান্তির বাজার এলাকায় গণপিটুনির শিকার হন ওই পুলিশ সদস্যরা।

গ্রেপ্তারকৃতরা হলেন পুলিশের এসআই মামুন মাতুব্বর, এএসআই আমান উল্লাহ, কনস্টেবল কবির ও কনস্টেবল আকাশ আহাম্মেদ। তারা সবাই ঢাকা ডিবি (দক্ষিণ) ইউনিটে কর্মরত ছিলেন।

ভুক্তভোগীর বরাত দিয়ে সিনিয়র সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম জানান, বৃহস্পতিবার দুপুরে সোনারগাঁওয়ের বারদী এলাকা থেকে বিশ্ব স্বাস্থ্য সংস্থায় কর্মরত অমিত হাসান তার এক আত্মীয়ের সঙ্গে দেখা করতে রূপগঞ্জের গাউছিয়া এলাকায় যান। এ সময় কয়েকজন ব্যক্তি নিজেদের সিআইডি পুলিশ পরিচয় দিয়ে তাকে জোরপূর্বক একটি প্রাইভেটকারে তুলে নেওয়ার চেষ্টা করে।

তিনি আরও জানান, অমিত হাসান চিৎকার করলে স্থানীয় লোকজন ঘটনাটি সন্দেহজনক মনে করে গাড়িটি আটকানোর চেষ্টা করে। এ সময় এসআই মামুন, এএসআই আমান উল্লাহ ও কনস্টেবল কবিরকে আটক করে গণধোলাই দেয় স্থানীয়রা। অন্যদিকে প্রাইভেটকারে থাকা আরও তিনজন পালিয়ে যায়। পরে উত্তেজিত জনতা আটক তিন পুলিশ সদস্যকে আড়াইহাজারের শান্তিনগর বাজারে নিয়ে গিয়ে পুনরায় মারধর করে।

খবর পেয়ে আড়াইহাজার থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। এদিকে একই রাতে অভিযান চালিয়ে কনস্টেবল আকাশ আহাম্মেদকে গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশ সূত্রে আরও জানা যায়, গ্রেপ্তারকৃতরা এর আগেও অপহরণের নাটক সাজিয়ে অমিত হাসানের এক আত্মীয়সহ দুইজনকে কেরানীগঞ্জে নিয়ে গিয়ে মুক্তিপণ আদায়ের অভিযোগ রয়েছে।

উর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই এক জেলা থেকে অন্য জেলায় গিয়ে এ ঘটনা ঘটানো হয়েছে বলে জানায় পুলিশ। এ ঘটনায় বিভাগীয় ব্যবস্থা গ্রহণের পাশাপাশি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে।

এম জি