মাটিরাঙ্গায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

জসীম উদ্দিন জয়নাল, পার্বত্যাঞ্চল প্রকাশিত: জুন ২২, ২০২৬, ০৮:১৯ পিএম
মাটিরাঙ্গায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

দেশজুড়ে আওয়ামী লীগের নৈরাজ্য, হুমকি-ধমকি ও অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টার প্রতিবাদে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেল ৪টার দিকে উপজেলা ও পৌর বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়।

বিকেলে মাটিরাঙ্গা উপজেলা বিএনপি কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি মো. শাহজালাল কাজলের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন দলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

সভাপতির বক্তব্যে মো. শাহজালাল কাজল বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার যখন দেশের অর্থনীতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পুনরুদ্ধার করে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে, ঠিক সেই মুহূর্তে রাজনৈতিক ফায়দা লোটার উদ্দেশ্যে আওয়ামী লীগ দেশব্যাপী নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে। মাটিরাঙ্গা শান্ত ও সম্প্রীতির জনপদ। এখানে কোনো ধরনের বিশৃঙ্খলা বা ষড়যন্ত্র করার চেষ্টা করা হলে দলীয় নেতাকর্মীরা জনগণকে সাথে নিয়ে রাজপথেই তা রুখে দিতে প্রস্তুত আছে।

বিশেষ অতিথির বক্তব্যে মাটিরাঙ্গা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম পাটোয়ারী বলেন, আওয়ামী লীগ ও তাদের সুবিধাভোগী চক্রটি এখনো সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে মাঠপর্যায়ে নানা ধরনের উসকানি দিয়ে সাধারণ মানুষের মনে আতঙ্ক তৈরির পাঁয়তারা করছে। তবে মাটিরাঙ্গায় তাদের কোনো ষড়যন্ত্র সফল হতে দেওয়া হবে না।

মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. জিয়াউর রহমান জিয়া বলেন, খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়ার নির্দেশনা অনুযায়ী আমরা তৃণমূল পর্যন্ত অত্যন্ত শক্তিশালী ও ঐক্যবদ্ধ। স্বৈরাচারের কোনো হুমকি-ধমকিকে পরোয়া না করে দেশের শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় বিএনপির প্রতিটি কর্মী মাঠে সজাগ দৃষ্টি রাখছে।

বিক্ষোভ মিছিলে অন্যান্যের মধ্যে খাগড়াছড়ি জেলা বিএনপির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক বাদশা মিয়া, পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি নারায়ণ ত্রিপুরা, যুগ্ম সম্পাদক দেবাশীষ দত্ত আশীষ, উপজেলা যুবদলের আহ্বায়ক জয়নাল আবেদীন সরকার, সদস্য সচিব ফোরকান ইমামী, পৌর যুবদলের আহ্বায়ক গিয়াস উদ্দিন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব নাজিউর রহমান মনজু, পৌর ছাত্রদলের আহ্বায়ক নুর মোহাম্মদ রাব্বি ও সদস্য সচিব আব্দুর রহমান রানাসহ অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

জেএইচআর