বিদেশি পর্যটককে হেনস্তা, কনটেন্ট ক্রিয়েটর ‘হিরো নানা’ গ্রেপ্তার

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: জুন ২২, ২০২৬, ০৮:৫৪ পিএম
বিদেশি পর্যটককে হেনস্তা, কনটেন্ট ক্রিয়েটর ‘হিরো নানা’ গ্রেপ্তার

নওগাঁর ঐতিহাসিক পাহাড়পুর বৌদ্ধবিহারে ঘুরতে আসা এক বিদেশি নাগরিককে হেনস্তার অভিযোগে কথিত কনটেন্ট ক্রিয়েটর ‘হিরো নানা’-কে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় টুরিস্ট পুলিশ এবং নওগাঁ জেলা পুলিশের পাহাড়পুর পুলিশ ফাঁড়ির যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, ঐতিহাসিক এই পর্যটন কেন্দ্রে আসা এক বিদেশি পর্যটককে হেনস্তা ও উত্ত্যক্ত করছিলেন ওই কনটেন্ট ক্রিয়েটর। বিষয়টি প্রশাসনের নজরে এলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন পুলিশ সুপার। বর্তমানে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

এ প্রসঙ্গে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, ঐতিহাসিক পাহাড়পুর বৌদ্ধবিহার নওগাঁর গর্ব এবং বাংলাদেশের ইতিহাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ। দেশি-বিদেশি পর্যটকদের নিরাপত্তা ও সম্মান রক্ষা করা পুলিশের প্রধান দায়িত্ব। এখানে আগত যেকোনো পর্যটককে কেউ যদি কোনোভাবে হেনস্তা বা হয়রানি করার চেষ্টা করে, তবে তার বিরুদ্ধে জেলা পুলিশ আইন অনুযায়ী কঠোরতম ব্যবস্থা গ্রহণ করবে। অপরাধী যেই হোক না কেন, কোনো ছাড় দেওয়া হবে না।

নওগাঁ জেলা পুলিশ ও টুরিস্ট পুলিশের পক্ষ থেকে জানানো হয়, পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং পাহাড়পুরের ভাবমূর্তি বজায় রাখতে আগামী দিনগুলোতেও এমন তদারকি ও কঠোর নজরদারি অব্যাহত থাকবে।

জেএইচআর