কুমিল্লায় মর্মান্তিক এক দুর্ঘটনায় খোলা ড্রেনে পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। এই হৃদয়বিদারক ঘটনায় পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকায় জলাবদ্ধতার কারণে রাস্তায় পানি জমে থাকায় শিশুটি তার মায়ের সঙ্গে ফুটপাত দিয়ে হেঁটে বাসায় ফিরছিল। একপর্যায়ে অসাবধানতাবশত পা পিছলে রাস্তার পাশে থাকা একটি খোলা ড্রেনে পড়ে যায় সে। স্থানীয় লোকজন দ্রুত ড্রেন থেকে শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলেও কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে দুর্ঘটনার খবর পেয়ে নিহত শিশুটির বাড়িতে ছুটে যান কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু। তিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে গভীর সমবেদনা জানান এবং এই কঠিন সময়ে তাদের পাশে থাকার আশ্বাস দেন।
পরিদর্শনকালে সিটি প্রশাসক ইউসুফ মোল্লা টিপু বলেন, এমন একটি দুর্ঘটনা অত্যন্ত দুঃখজনক ও অনভিপ্রেত। শহরের খোলা ড্রেনগুলো ঢেকে দেওয়া এবং জলাবদ্ধতা নিরসনে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া হবে, যাতে ভবিষ্যতে কোনো পরিবারকে এভাবে সন্তান হারাতে না হয়।
অন্যদিকে, শহরের খোলা ড্রেনগুলো দ্রুত স্ল্যাব দিয়ে ঢেকে দেওয়া এবং দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধানের জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন