সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা এবং গণতন্ত্র নস্যাতের ষড়যন্ত্রের প্রতিবাদে হবিগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে এক প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে এই কর্মসূচির আয়োজন করা হয়। মিছিলটি হবিগঞ্জ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
মিছিল শেষে আয়োজিত প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন হবিগঞ্জ জেলা যুবদলের সভাপতি জালাল আহমেদ। সভায় বক্তব্য দেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক শফিকুর রহমান সিতুসহ দলের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ। কর্মসূচিতে যুবদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মী ছাড়াও বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।
প্রতিবাদ সভায় বক্তারা বলেন, দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও ছাত্রলীগ ধারাবাহিকভাবে নানা ষড়যন্ত্র ও অপপ্রচার চালিয়ে যাচ্ছে। নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কর্মীরা বিভিন্ন স্থানে অপরাধমূলক কর্মকাণ্ডে লিপ্ত রয়েছে এবং দেশে একটি নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি করতে মাঠপর্যায়ে ও সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়াচ্ছে।
নেতৃবৃন্দ অভিযোগ করে বলেন, ষড়যন্ত্রকারীরা বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে পরিচালিত দেশগঠন ও রাজনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে নানা ধরনের অপপ্রচার অব্যাহত রেখেছে। জনগণের অধিকার এবং দেশের গণতন্ত্র রক্ষায় দলের সব স্তরের নেতাকর্মীকে এখন ঐক্যবদ্ধ থাকতে হবে।
সমাবেশ থেকে বক্তারা দেশের স্থিতিশীলতা ও গণতান্ত্রিক পরিবেশ বিনষ্টের যেকোনো অপচেষ্টা রুখে দিতে সবাইকে সতর্ক ও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান। একই সঙ্গে সব ধরনের ষড়যন্ত্র, সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে রাজপথে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তাঁরা।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন