চাঁদপুর শহরের বড়স্টেশন এলাকায় অভিযান চালিয়ে ১৬ কেজি গাঁজাসহ শামীম মোল্লা (২৬) নামের এক মাদক কারবারিকে আটক করেছে কোস্ট গার্ড।
বুধবার বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এই তথ্য জানান।
আটক শামীম মোল্লা গোপালগঞ্জ জেলার কাশীয়ানী থানার ফুকরা এলাকার দক্ষিণ ফুকরা গ্রামের কদম আলী মোল্লার ছেলে।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা বলেন, শহরের বড় স্টেশন সংলগ্ন এলাকায় দুপুর ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন চাঁদপুর কর্তৃক একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন ওই এলাকায় এক সন্দেহভাজন ব্যক্তিকে তল্লাশি করা হয়। এ সময় তাঁর সাথে থাকা লাগেজ ও ব্যাগ থেকে আনুমানিক ৪ লাখ ৮০ হাজার টাকা মূল্যের ১৬ কেজি গাঁজা জব্দসহ তাঁকে আটক করা হয়।
আটক মাদক কারবারির বরাত দিয়ে তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে শামীম স্বীকার করেছেন যে তিনি এই গাঁজা কুমিল্লা থেকে ক্রয় করে বিক্রির উদ্দেশ্যে চাঁদপুর হয়ে শরীয়তপুর যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন।
জব্দকৃত গাঁজা ও আটক শামীম মোল্লার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। ভয়ংকর মাদকের বিস্তার রোধে কোস্ট গার্ডের পক্ষ থেকে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন