নারায়ণগঞ্জের আড়াইহাজারে সশস্ত্র ডাকাত দলের হামলায় কুমিল্লার মুরাদনগর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাছান খাঁন আহত হওয়ার ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার রাতে আড়াইহাজার ও সোনারগাঁ এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- সোনারগাঁ উপজেলার চর নোয়াগাঁও এলাকার রাকিব ভূঁইয়া (২৯) ও সজীব মোল্লা (২২)।
আড়াইহাজার থানার পরিদর্শক (তদন্ত) রিপন বলেন, ডাকাতির ঘটনায় জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। এই চক্রের সঙ্গে জড়িত অন্য ডাকাতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত শুক্রবার দিবাগত রাতে উপজেলার হাইজাদী ইউনিয়নের ধন্দী এলাকায় সশস্ত্র ডাকাত দলের হামলায় সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাছান খাঁনসহ মোট ছয়জন আহত হন। একই সময়ে ডাকাত দলটি পাশের একটি বাড়িতে হানা দিয়ে নগদ ২ লাখ ৭০ হাজার টাকা ও প্রায় ১৪ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায় বলে অভিযোগ রয়েছে।
ঘটনার পরদিন আহত ম্যাজিস্ট্রেট সাকিব হাছান খাঁন বাদী হয়ে আড়াইহাজার থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলার তদন্তের অংশ হিসেবেই এই অভিযান চালিয়ে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন