বাসের চাপায় মনোহরদী বাজারের সাবেক নৈশপ্রহরী নিহত

মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি প্রকাশিত: জুন ২৪, ২০২৬, ১০:০৫ পিএম
বাসের চাপায় মনোহরদী বাজারের সাবেক নৈশপ্রহরী নিহত

নরসিংদীর মনোহরদীতে দুটি বাসের বেপরোয়া গতির প্রতিযোগিতার জেরে চাপা পড়ে ইসমাইল (৫০) নামের এক সাবেক নৈশপ্রহরীর মৃত্যু হয়েছে। 

বুধবার সন্ধ্যার পর মনোহরদী পৌর এলাকার মাঝিবাড়ী মোড়ে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার শিকার সাইকেল আরোহী ইসমাইল ঘটনাস্থলেই প্রাণ হারান।

নিহত ইসমাইল গাজীপুরের কাপাসিয়া উপজেলার খিরাটি গ্রামের মৃত পুইক্কার ছেলে। তিনি মনোহরদী উপজেলার সূতালরীকান্দা গ্রামে শ্বশুরবাড়িতে বসবাস করতেন এবং মনোহরদী বাজারের একজন সাবেক নৈশপ্রহরী ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যার পর কিশোরগঞ্জ থেকে ঢাকাগামী ‘যাতায়াত পরিবহন’ এবং একই রুটের ‘অনন্যা পরিবহন’ নামের দুটি যাত্রীবাহী বাস বেপরোয়া গতিতে একে অপরের সঙ্গে প্রতিযোগিতা করে যাচ্ছিল। বাস দুটি মনোহরদী পৌর এলাকার মাঝিবাড়ীর মোড়ে পৌঁছালে তাদের একটি সাইকেল আরোহী ইসমাইলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু ঘটে।

দুর্ঘটনার পর এলাকাবাসী ধাওয়া করে সন্দেহভাজন যাতায়াত পরিবহনের বাসটি আটক করতে পারলেও অনন্যা পরিবহনের বাসটি দ্রুত পালিয়ে যেতে সক্ষম হয়।

মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর বাদশা জানান, দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশের একটি দল প্রেরণ করা হয়েছে। আটক বাসের বিষয়ে পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

জেএইচআর