পঞ্চগড়ে এক লাখ ৭১ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল

মাহমুদুল হাসান বাবু, পঞ্চগড় প্রকাশিত: জুন ২৪, ২০২৬, ০৯:৩৪ পিএম
পঞ্চগড়ে এক লাখ ৭১ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল

আগামী ২৮ জুন জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনে পঞ্চগড় জেলায় এক লাখ ৭১ হাজার ৭৯৩ জন শিশুকে একটি করে নীল ও লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী শিশু রয়েছে ১৯ হাজার ৭৯৩ জন এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশু রয়েছে এক লাখ ৫১ হাজার ৬১৭ জন।

বুধবার বিকেলে পঞ্চগড় সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের সহযোগিতায় আয়োজিত এক সাংবাদিক অবহিতকরণ ও সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়। সিভিল সার্জন ডা. মিজানুর রহমান সম্মেলনে এসব তথ্য জানান।

সিভিল সার্জন বলেন, ক্যাম্পেইন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে জেলার এক হাজার ৭৭টি কেন্দ্র নির্ধারণ করা হয়েছে। এসব কেন্দ্রে স্বাস্থ্যকর্মীদের পাশাপাশি দুইজন করে মোট দুই হাজার ১৫৪ জন স্বেচ্ছাসেবক নিয়োজিত থাকবেন।

তিনি আরও জানান, ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনে কোনো অসুস্থ শিশুকে এই ক্যাপসুল খাওয়ানো হবে না। একই সঙ্গে কোনো শিশু কান্নারত অবস্থায় থাকলে তাকে জোর করে ভিটামিন ‘এ’ ক্যাপসুল না খাওয়ানোর জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানানো হয়।

সংবাদ সম্মেলনে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন পঞ্চগড় সিভিল সার্জন কার্যালয়ের চিকিৎসক জান্নাতুন ফেরদৌস নিতু। অনুষ্ঠানে জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

জেএইচআর