সালথায় যুবকের হাত-পা কাটা মরদেহ উদ্ধার

সালথা (ফরিদপুর) প্রতিনিধি প্রকাশিত: জুন ২৫, ২০২৬, ০১:৪৬ পিএম
সালথায় যুবকের হাত-পা কাটা মরদেহ উদ্ধার

ফরিদপুরের সালথা উপজেলায় এক যুবকের হাত-পা কাটা ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত যুবকের নাম পান্নু ফকির ওরফে জামু রহমান ফকির (৩৮)। তিনি উপজেলার কুমারকান্দা গ্রামের বাসিন্দা। এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় পুরো এলাকায় তীব্র চাঞ্চল্য ও আতঙ্ক বিরাজ করছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বুধবার গভীর রাতে সালথা সদর থেকে নিজ বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা তাঁকে অতর্কিত আক্রমণ করে হত্যা করে। পরবর্তীতে মরদেহটি যদুনন্দী মৌজার একটি জনশূন্য সড়কের ওপর ফেলে রেখে যায়। 

বৃহস্পতিবার সকালে স্থানীয় বাসিন্দারা সড়কের ওপর রক্তাক্ত মরদেহটি দেখতে পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশে খবর দেন। সংবাদ পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

প্রাথমিকভাবে পুলিশ ও স্থানীয়দের ধারণা, জমিজমা সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধের জেরে এই পরিকল্পিত হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। তবে হত্যার প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ কাজ করছে।

হত্যাকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন শেষে সহকারী পুলিশ সুপার (নগরকান্দা-সালথা সার্কেল) আল ফাহাদ জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করেছে। ধারণা করা হচ্ছে, পাশের একটি পাটক্ষেতের ভেতর তাকে কুপিয়ে হত্যার পর মরদেহটি রাস্তার ওপর এনে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। মরদেহের শরীরে গুরুতর ও নৃশংস আঘাতের চিহ্ন রয়েছে। পুরো বিষয়টি সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে খুব দ্রুতই হত্যার প্রকৃত কারণ জানা যাবে এবং এর সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা হবে।

সালথা থানা পুলিশ জানায়, ঘটনার মূল রহস্য উদঘাটন এবং অপরাধীদের শনাক্ত করতে পুলিশের একাধিক টিম মাঠে নেমেছে। দ্রুতই আসামিদের গ্রেপ্তার করা সম্ভব হবে।

জেএইচআর