পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে মাগুরা মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৪ জুলাই) বিকেলে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচির শুরুতে জেলা কৃষক দলের নেতাকর্মীরা সমবেত হন। পরে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করা হয়।
এ সময় বিদ্যালয় প্রাঙ্গণ সবুজায়নের পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের জন্য পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব পরিবেশ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।
আয়োজকরা জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে সারা দেশের মতো মাগুরা জেলাতেও ধারাবাহিকভাবে বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালিত হচ্ছে। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জীববৈচিত্র্য সংরক্ষণে এ কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন মাগুরা জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম হীরা, সাংগঠনিক সম্পাদক সোহেল রানা, সাংগঠনিক সম্পাদক আরমান মোল্লা, সহ-সভাপতি সুজন আলী বিশ্বাসসহ জেলা কৃষক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। এছাড়া সংগঠনের অন্যান্য সদস্য ও কর্মীরাও এতে অংশ নেন।
বক্তারা বলেন, শুধু গাছ লাগালেই হবে না, প্রতিটি গাছের যথাযথ পরিচর্যাও নিশ্চিত করতে হবে। একটি গাছ যেমন পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, তেমনি ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতেও কার্যকর অবদান রাখে। তাই সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে প্রত্যেক নাগরিককে অন্তত দুটি করে গাছ রোপণ ও সেগুলোর পরিচর্যা করার আহ্বান জানান তারা।
অনুষ্ঠান শেষে নেতাকর্মীরা বিদ্যালয় প্রাঙ্গণে রোপণ করা গাছগুলোর পরিচর্যার অঙ্গীকার ব্যক্ত করেন। পাশাপাশি পর্যায়ক্রমে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি স্থাপনা এবং জনসমাগমস্থলে বৃক্ষরোপণ কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দেন।
এম জি
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন