গাজীপুরে ব্যাটারি চুরির জেরে যুবককে গাছে বেঁধে কুপিয়ে হত্যা

পূবাইল (গাজীপুর) প্রতিনিধি প্রকাশিত: জুলাই ২৬, ২০২৬, ০৩:৫৬ পিএম
গাজীপুরে ব্যাটারি চুরির জেরে যুবককে গাছে বেঁধে কুপিয়ে হত্যা

গাজীপুর মহানগরীর পূবাইলে অটোরিকশার ব্যাটারি চুরির ঘটনার জেরে জুয়েল (২৫) নামে এক যুবককে গাছের সাথে বেঁধে পিটিয়ে ও কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। 

রোববার দুপুরে পূবাইলের খিলগাঁও এলাকায় এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে। নিহত জুয়েল ওই এলাকার জুলমত আলীর ছেলে।

এলাকাবাসী জানায়, খিলগাঁও এলাকার জুয়েল বেশ কিছুদিন আগে একই এলাকার রুস্তম আলীর অটোরিকশা থেকে চারটি ব্যাটারি চুরি করেন। পরবর্তীতে স্থানীয়ভাবে সালিসের মাধ্যমে বিষয়টি ৪০ হাজার টাকায় মীমাংসা করা হয়। আজ দুপুরে সেই ঘটনার জের ধরে জুয়েলকে পুনরায় চোর অপবাদ দিয়ে অটোরিকশার মালিকসহ বেশ কয়েকজন মিলে তাকে গাছের সাথে বাঁধেন। 

এরপর তাকে নির্মমভাবে পিটিয়ে ও ছুরি দিয়ে কুপিয়ে জখম করলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। দিনের দুপুরে ঘটে যাওয়া এই হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় চরম উত্তেজনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে পূবাইল থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এই খুনের ঘটনায় জড়িত হিসেবে যাদের নাম এসেছে, তাদের আটকে পূবাইল থানা পুলিশের বিশেষ অভিযান চলছে।

জেএইচআর