সরকার উৎখাতের পরিকল্পনার অভিযোগে নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বরখাস্ত 

মো. সাইফুল ইসলাম, নজরুল বিশ্ববিদ্যালয় প্রকাশিত: জুলাই ৪, ২০২৬, ০৬:৫৭ পিএম
সরকার উৎখাতের পরিকল্পনার অভিযোগে নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বরখাস্ত 

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক কল্যানাংশু নাহাকে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ একটি দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে টেলিগ্রামভিত্তিক ভিডিও কনফারেন্সে অংশ নিয়ে বক্তব্য দেওয়ার অভিযোগে তদন্তের স্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ড. মো. মিজানুর রহমান স্বাক্ষরিত ২ জুলাইয়ের এক আদেশে এ তথ্য জানানো হয়।

আদেশে বলা হয়, ১ জুলাই প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এবং কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জানা যায়, কল্যানাংশু নাহা বাংলাদেশ ইউনিভার্সিটি প্রোগ্রেসিভ টিচার্স সোসাইটি নামের একটি টেলিগ্রাম গ্রুপে মানবতাবিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত এবং রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ একটি দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে গত ২৬ জুন অনুষ্ঠিত সভায় ভিডিও কনফারেন্সে বক্তব্য দেন। ওই সভার ভিডিও ও অডিও কর্তৃপক্ষের কাছে সংরক্ষিত রয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

আরও বলা হয়, ওই বৈঠকে তিনি নিজের রাজনৈতিক আদর্শের সরকার প্রতিষ্ঠার বিষয়ে করণীয় উল্লেখ করেন এবং বর্তমান নির্বাচিত সরকারকে উৎখাতের পরিকল্পনা ব্যক্ত করেন, যা বিশ্ববিদ্যালয়ের চাকরি বিধির পরিপন্থী।

এ কারণে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় আইন, ২০০৬-এর ধারা ৪৩ (৪) এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইউনিভার্সিটি এমপ্লয়িজ (এফিসিয়েন্সি অ্যান্ড ডিসিপ্লিন) স্ট্যাটিউটস অনুযায়ী শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তদন্তের স্বার্থে তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

আদেশে আরও বলা হয়েছে, সাময়িক বরখাস্ত হলেও বরখাস্তকালীন সময়ে তিনি বিধি অনুযায়ী খোরপোষ ভাতা প্রাপ্য হবেন।

এম জি