বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ তুলে এবার ৫ লাখ হিন্দু সন্ন্যাসী নিয়ে কলকাতায় বাংলাদেশের উপ-দূতাবাস ঘেরাওয়ের হুমকি দিয়েছেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা ও বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী।
শুক্রবার কলকাতায় বাংলাদেশ উপ-দূতাবাসের সামনে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশ থেকে তিনি এই আলটিমেটাম দেন।
এদিন দুপুরে কলকাতার শিয়ালদহ স্টেশন চত্বর থেকে কয়েক হাজার সাধু-সন্ন্যাসী নিয়ে একটি বিশাল মিছিল শুরু হয়। মিছিলটি উপ-দূতাবাসের দিকে এগোতে থাকলে পুলিশ বেহালা বাগান মোড়ে ব্যারিকেড দিয়ে তা আটকে দেয়। এরপর শুভেন্দু অধিকারীর নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধি দল উপ-দূতাবাসে গিয়ে ডেপুটি হাইকমিশনারের সঙ্গে প্রায় ৩০ মিনিট বৈঠক করেন এবং অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে একটি স্মারকলিপি জমা দেন।
উপ-দূতাবাস থেকে বেরিয়ে সাংবাদিকদের শুভেন্দু অধিকারী বলেন, “আমরা আমাদের দাবিগুলো বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের কাছে পৌঁছে দিতে এসেছি। গত সোমবার থেকে আমরা ধারাবাহিকভাবে প্রতিবাদ জানিয়ে আসছি।”
পশ্চিমবঙ্গ সরকারের তীব্র সমালোচনা করে তিনি বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ দিয়ে যতই প্রাচীর তৈরি করে রাখুন না কেন, সরকার ব্যবস্থা না নিলে সব বাধা উপড়ে ফেলা হবে।”
গঙ্গাসাগর মেলা উপলক্ষে আগামী জানুয়ারিতে কয়েক লাখ সাধু পশ্চিমবঙ্গে সমবেত হবেন উল্লেখ করে শুভেন্দু হুঁশিয়ারি দেন, “আজ মাত্র কয়েক হাজার সাধু এসেছেন। কিন্তু গঙ্গাসাগরে স্নান শেষে ৫ লাখ সাধু যখন ফিরবেন, তখন আমি তাদের পথ দেখিয়ে এই মিশনের সামনে নিয়ে আসব। সেদিন পুলিশ কমিশনারের কত ক্ষমতা আছে তা দেখা যাবে।”
এই বিক্ষোভ কর্মসূচির ফলে কলকাতার পার্ক সার্কাস ও সংলগ্ন এলাকায় দীর্ঘ সময় যানজটের সৃষ্টি হয়। আনন্দবাজার পত্রিকার সূত্রমতে, নাগা সন্ন্যাসীসহ বিভিন্ন হিন্দু সংগঠনের সরব উপস্থিতিতে পুরো এলাকা উত্তপ্ত হয়ে ওঠে।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন