বিশ্বের প্রথম ২৪ ঘণ্টার সংবাদভিত্তিক টেলিভিশন নেটওয়ার্ক সিএনএন (CNN)-এর প্রতিষ্ঠাতা এবং প্রখ্যাত মার্কিন মিডিয়া উদ্যোক্তা টেড টার্নার আর নেই। বুধবার ৮৭ বছর বয়সে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন।
টার্নার এন্টারপ্রাইজেসের বরাতে মার্কিন সংবাদমাধ্যমগুলো তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। দীর্ঘদিন ধরে তিনি ‘লুই বডি ডিমেনশিয়া’ নামক একটি স্নায়বিক রোগে ভুগছিলেন।
১৯৮০ সালে কেবল নিউজ নেটওয়ার্ক বা সিএনএন প্রতিষ্ঠার মাধ্যমে বিশ্ব গণমাধ্যমে এক নতুন যুগের সূচনা করেন টেড টার্নার। তাঁর হাত ধরেই বিশ্ববাসী প্রথম দিনরাত ২৪ ঘণ্টা সরাসরি সংবাদ দেখার সুযোগ পায়। বিশেষ করে ১৯৯০-৯১ সালের উপসাগরীয় যুদ্ধের সময় সিএনএন-এর সরাসরি কভারেজ প্রতিষ্ঠানটিকে বিশ্বজুড়ে অপ্রতিদ্বন্দ্বী করে তোলে।
কেবল গণমাধ্যম নয়, টেড টার্নার ছিলেন একাধারে সফল ব্যবসায়ী, ক্রীড়াপ্রেমী এবং দানবীর। আটলান্টাভিত্তিক কয়েকটি পেশাদার ক্রীড়া দলের মালিক ছিলেন তিনি। এছাড়া ১৯৭৭ সালে জনপ্রিয় ইয়ট প্রতিযোগিতা ‘আমেরিকাস কাপ’-এ অংশ নিয়ে তিনি জয়লাভ করেছিলেন।
বিশ্বজুড়ে দাতব্য কাজে টেড টার্নারের অবদান অবিস্মরণীয়। তিনি জাতিসংঘের বিভিন্ন মানবিক ও উন্নয়নমূলক কার্যক্রমে প্রায় ১ বিলিয়ন ডলার অনুদান দিয়েছিলেন। তাঁর এই মহানুভবতা তাঁকে বিশ্বজুড়ে অনন্য উচ্চতায় নিয়ে যায়।
ব্যক্তিজীবনে তিনি ‘ক্যাপ্টেন আউটরেজিয়াস’ এবং ‘দ্য মাউথ অব দ্য সাউথ’ নামেও পরিচিত ছিলেন। তিনবার বিবাহবন্ধনে আবদ্ধ হওয়া এই উদ্যোক্তার হলিউড অভিনেত্রী জেন ফন্ডার সঙ্গে দীর্ঘদিনের দাম্পত্য জীবন ছিল বিশ্ব মিডিয়ার আলোচনার কেন্দ্রে।
সংবাদমাধ্যমের আধুনিক রূপকার হিসেবে টেড টার্নারের নাম ইতিহাসের পাতায় চিরস্মরণীয় হয়ে থাকবে।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন