আগামী পবিত্র ঈদুল আজহা কত তারিখে হতে পারে, সে বিষয়ে একটি জ্যোতির্বৈজ্ঞানিক বিশ্লেষণ প্রকাশ করেছে সংযুক্ত আরব আমিরাতের সংবাদমাধ্যম গালফ নিউজ। আবুধাবিভিত্তিক ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিকাল সেন্টারের তথ্য অনুযায়ী, আগামী ২৭ মে মধ্যপ্রাচ্যে ঈদুল আজহা পালিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
সংস্থাটি জানিয়েছে, ২০২৬ সালের ১৭ মে ইসলামি দেশগুলোতে জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে। ওই দিন পূর্ব এশিয়া, দক্ষিণ আফ্রিকা ও দক্ষিণ আমেরিকার কিছু অঞ্চলে টেলিস্কোপের সাহায্যে এবং মধ্য ও পশ্চিম এশিয়া ও উত্তর আফ্রিকাসহ আমেরিকার অধিকাংশ অঞ্চল থেকে খালি চোখে চাঁদ দেখা যেতে পারে।
জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব মতে, আগামী ১৮ মে হিজরি ১৪৪৭ সালের জিলহজ মাস শুরু হতে পারে। সেই হিসেবে অধিকাংশ মুসলিম দেশে ২৭ মে বুধবার পবিত্র ঈদুল আজহার প্রথম দিন হওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে।
সাধারণত মধ্যপ্রাচ্যের দেশগুলোর একদিন পর বাংলাদেশে পবিত্র ঈদুল আজহা উদ্যাপিত হয়। সেই অনুযায়ী, আগামী ২৮ মে বাংলাদেশে ঈদ পালিত হতে পারে। তবে ধর্মীয় নিয়ম অনুযায়ী, জাতীয় চাঁদ দেখা কমিটির চূড়ান্ত সিদ্ধান্তের ওপর ভিত্তি করেই বাংলাদেশে ঈদের তারিখ নির্ধারিত হবে।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন