ওমানকে ঘিরে ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হুঁশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: মে ২৮, ২০২৬, ০৫:৩৬ পিএম
ওমানকে ঘিরে ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হুঁশিয়ারি

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ও নিরাপত্তা ইস্যুকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামরিক হুমকির পর ওমানের প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছে ইরান। মাসকাট যদি তেহরানের সঙ্গে সমন্বয় করে এই কৌশলগত গুরুত্বপূর্ণ জলপথে কোনো ধরনের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করে, তাহলে ওমানকে লক্ষ্য করে হামলা চালানো হবে-ট্রাম্পের এমন কঠোর মন্তব্যের পরই ইরানের এই প্রতিক্রিয়া আসে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই ওমানকে ‘বন্ধুত্বপূর্ণ ও ভ্রাতৃপ্রতিম দেশ’ হিসেবে উল্লেখ করে যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের এই ধরনের হুমকি ও আগ্রাসী বক্তব্যের তীব্র সমালোচনা করেন।

এর আগে এক বিবৃতিতে ট্রাম্প দাবি করেন, হরমুজ প্রণালি সবার জন্য উন্মুক্ত থাকবে এবং এর ওপর নজরদারির দায়িত্ব যুক্তরাষ্ট্রই পালন করবে। একইসঙ্গে তিনি ওমানকে সতর্ক করে বলেন, অন্যদের মতো আচরণ না করলে কঠোর পরিণতির মুখে পড়তে হবে।

ইরান দীর্ঘদিন ধরেই বলে আসছে, এই আন্তর্জাতিক জলপথের ব্যবস্থাপনায় যুক্তরাষ্ট্রের কোনো এখতিয়ার নেই। তাদের মতে, এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের বিষয়টি সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে, বিশেষ করে ওমানের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে হওয়া উচিত।

এদিকে, ওমানকে কেন্দ্র করে উত্তেজনার মধ্যেই ইরানের বন্দরনগরী বন্দর আব্বাসে নতুন করে বিমান হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এই হামলাকে দেশটির সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার ওপর সরাসরি আঘাত হিসেবে আখ্যা দিয়ে তীব্র নিন্দা জানিয়েছে।

অন্যদিকে, ওয়াশিংটনের এক কর্মকর্তা এই সামরিক পদক্ষেপকে আত্মরক্ষামূলক এবং চলমান আঞ্চলিক যুদ্ধবিরতি বজায় রাখার প্রচেষ্টার অংশ হিসেবে দাবি করেছেন।

তবে এর পাল্টা প্রতিক্রিয়ায় ইরানের ইসলামি রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) ওই অঞ্চলে অবস্থানরত একটি মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে বলে জানা গেছে।

সূত্র: সিএনএন

এম জি