ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলায় নিহত বেড়ে ৫৮৯, নিখোঁজ বহু

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: জুন ২৬, ২০২৬, ০৮:৩৭ পিএম
ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলায় নিহত বেড়ে ৫৮৯, নিখোঁজ বহু

ভেনেজুয়েলায় আঘাত হানা পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৫৮৯ জনে দাঁড়িয়েছে। এ ছাড়া আহত হয়েছেন প্রায় ২ হাজার ৯৮০ জন। ধ্বংসস্তূপের নিচে হাজার হাজার মানুষ নিখোঁজ থাকায় হতাহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে।

এক প্রতিবেদনে বার্তা সংস্থা এএফপি জানায়, দেশটির অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ আজ শুক্রবার সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের সঙ্গে টেলিভিশনে সম্প্রচারিত বৈঠকে নিহতের এই নতুন হিসাব দেন। তিনি বলেন, উদ্ধার ও ত্রাণ কার্যক্রম অব্যাহত রয়েছে এবং ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ হিসাব এখনও সংগ্রহ করা হচ্ছে।

ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট জানান, গত বুধবার সন্ধ্যায় আঘাত হানা ৭.২ ও ৭.৫ মাত্রার ভূমিকম্পে লা গুয়াইরা রাজ্য সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সেখানে নিরাপত্তা জোরদার করা হয়েছে। উদ্ধারকারী দলগুলো উপদ্রুত এলাকায় জীবিতদের সন্ধান করছে এবং খাদ্য ও পানি বিতরণ করছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, দুটি ভূমিকম্পেরই কেন্দ্রস্থল ছিল ক্যারিবীয় উপকূলের মোরোনের কাছে, যা রাজধানী কারাকাস থেকে প্রায় ১৭০ কিলোমিটার পশ্চিমে।

আন্তর্জাতিক অভিবাসন সংস্থা জানিয়েছে, এই দুর্যোগের কারণে ভেনিজুয়েলার প্রায় ৬৭.৬ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হতে পারে, যার মধ্যে শুধু কারাকাসেই রয়েছেন প্রায় ২০ লাখ মানুষ। আন্তর্জাতিক রেড ক্রসের আমেরিকা অঞ্চলের আঞ্চলিক পরিচালক লয়েস পেস বলেছেন, “মানুষ এখনও তাদের পুরোনো বাড়িতে ফিরতে আতঙ্কিত।” কারাকাসের কেন্দ্রস্থলে শত শত মানুষ পার্ক, পার্কিং লট ও অন্যান্য খোলা জায়গায় জড়ো হয়ে রাত কাটাচ্ছেন।

বুধবার গভীর রাতে জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ জরুরি অবস্থা ঘোষণা করেছেন। তিনি জানান, ক্ষতিগ্রস্ত হাসপাতাল ও বাড়িঘরের জন্য সরকার ২০০ মিলিয়ন ডলারের একটি পুনর্গঠন তহবিল গঠন করছে।

এদিকে বিপর্যস্ত ভেনেজুয়েলায় বিদেশি সহায়তা আসতে শুরু করেছে। জাতিসংঘের মানবিক বিষয়ক সমন্বয় কার্যালয়ের মুখপাত্র জেনস লার্কে বলেছেন, বিশ্বজুড়ে ২৫টি অনুসন্ধান ও উদ্ধারকারী দলের প্রায় ১,০০০ জরুরি সেবাকর্মী ভেনিজুয়েলায় পাঠানো হচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্র, স্পেন, জার্মানি, চিলি ও সুইজারল্যান্ড থেকে ইতোমধ্যে উদ্ধারকারী দল আধুনিক সরঞ্জাম ও উদ্ধারকারী কুকুর নিয়ে ঘটনাস্থলে পৌঁছেছে। এ ছাড়া চীন, তুরস্ক, কাতার, ব্রাজিল, পর্তুগাল ও কানাডার নেতারাও দ্রুত সাহায্য পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছেন।

জেএইচআর