উত্তর জার্মানির স্টাডে শহরের একটি যুব কল্যাণ কেন্দ্রে বন্দুক হামলায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। হামলার পর সন্দেহভাজন বন্দুকধারীসহ দুজনকে আটক করেছে পুলিশ।
পুলিশের এক মুখপাত্র জানান, হামবুর্গের কাছাকাছি বন্দরনগরী স্টাডের ওই যুব কল্যাণ কেন্দ্রে কী কারণে হামলার ঘটনা ঘটেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে এ ঘটনায় আর কোনো সন্দেহভাজন ব্যক্তি পলাতক নেই বলেও তিনি জানান।
তিনি আরও বলেন, আহতের সঠিক সংখ্যা এখনো নিশ্চিত করা সম্ভব হয়নি। তবে নিহত সবাই প্রাপ্তবয়স্ক ছিলেন।
স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, হামবুর্গের পশ্চিমে অবস্থিত স্টাডে শহরের জনসংখ্যা প্রায় ৫০ হাজার। ঘটনার পর নিরাপত্তার স্বার্থে পুলিশ স্থানীয় বাসিন্দাদের ঘটনাস্থল ও আশপাশের এলাকা এড়িয়ে চলার আহ্বান জানিয়েছে।
ঘটনার কারণ উদ্ঘাটনে তদন্ত চালিয়ে যাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী।
সূত্র: বিবিসি
এম জি
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন