হরমুজ প্রণালীকে কেন্দ্র করে নতুন করে ভূরাজনৈতিক উত্তেজনা তৈরি হওয়ায় আন্তর্জাতিক জ্বালানি বাজারে বড় ধরনের অস্থিরতা দেখা দিয়েছে। যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে নৌ অবরোধ পুনর্বহালের ঘোষণা দেওয়ার পর সোমবার একদিনেই অপরিশোধিত তেলের দাম ৯ শতাংশের বেশি বেড়ে প্রায় এক মাসের সর্বোচ্চ অবস্থানে পৌঁছেছে।
ওয়াশিংটন সময় মঙ্গলবার বিকেল ৪টা (গ্রিনিচ মান সময় রাত ৮টা) থেকে ইরানের বিরুদ্ধে নৌ অবরোধ আবার কার্যকর করার কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র। গত জুনের মাঝামাঝি এ অবরোধ সাময়িকভাবে প্রত্যাহার করা হয়েছিল।
বাজার বিশ্লেষকদের মতে, নতুন নিষেধাজ্ঞা, ইরান-সংক্রান্ত পাল্টাপাল্টি সামরিক পদক্ষেপ এবং হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল কমে যাওয়ার আশঙ্কায় বৈশ্বিক জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ বেড়েছে। এর প্রভাবেই তেলের দামে বড় উল্লম্ফন দেখা গেছে।
লেনদেন শেষে আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৭ দশমিক ২৯ ডলার বেড়ে ৮৩ দশমিক ৩০ ডলারে পৌঁছায়, যা আগের দিনের তুলনায় ৯ দশমিক ৫৯ শতাংশ বেশি। একই সময়ে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ৬ দশমিক ৭৩ ডলার বা ৯ দশমিক ৪২ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৭৮ দশমিক ১৪ ডলারে ওঠে।
এদিন ব্রেন্ট ক্রুড ২ এপ্রিলের পর সবচেয়ে বড় একদিনের মূল্যবৃদ্ধির রেকর্ড গড়ে এবং ১২ জুনের পর সর্বোচ্চ সমাপনী দামে লেনদেন শেষ করে। অন্যদিকে ডব্লিউটিআইয়ের ক্ষেত্রেও ২৯ এপ্রিলের পর সবচেয়ে বড় দৈনিক উল্লম্ফন এবং ১৫ জুনের পর সর্বোচ্চ সমাপনী মূল্য রেকর্ড করা হয়েছে।
বিশ্লেষকদের ধারণা, মধ্যপ্রাচ্যের পরিস্থিতির দ্রুত উন্নতি না হলে আন্তর্জাতিক তেলের বাজারে অস্থিরতা আরও কিছুদিন অব্যাহত থাকতে পারে।
সূত্র: রয়টার্স
এএন
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন