ইসরায়েলি মন্ত্রী

গাজার ধ্বংসযজ্ঞ দেখে ‘ভালো অনুভূতি’ হচ্ছে

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: জুলাই ১৪, ২০২৬, ১২:২৮ পিএম
গাজার ধ্বংসযজ্ঞ দেখে ‘ভালো অনুভূতি’ হচ্ছে

অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি সামরিক বাহিনীর ব্যাপক ধ্বংসযজ্ঞ পরিদর্শন শেষে বিতর্কিত মন্তব্য করেছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটস। উত্তর গাজার ধ্বংসস্তূপে পরিণত হওয়া এলাকা ঘুরে দেখে তিনি বলেছেন, এ দৃশ্য তার মধ্যে ‘ভালো অনুভূতি’ তৈরি করেছে।

মিডল ইস্ট আই এর প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর গাজার বর্তমান পরিস্থিতি দেখে তার অনুভূতি কী-সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে কাটস বলেন, একটি ভালো অনুভূতি, তাই নয় কি।

তিনি দাবি করেন, গাজার বর্তমান পরিস্থিতি কোনো আকস্মিক ঘটনা নয়; বরং এটি ইসরায়েলের একটি ‘পরিকল্পিত নীতি’র অংশ। তার ভাষ্য, এ নীতির লক্ষ্য হলো ইসরায়েলের নিরাপত্তার জন্য বিদ্যমান হুমকিগুলো স্থায়ীভাবে দূর করা।

প্রতিরক্ষামন্ত্রী আরও বলেন, গাজায় পরিচালিত সামরিক কৌশলেও পরিবর্তন আনা হয়েছে। অতীতে ইসরায়েলি বাহিনী নির্দিষ্ট অভিযান চালিয়ে এলাকা ছেড়ে চলে যেত। কিন্তু এখন সেই কৌশল বদলে গেছে।

বর্তমান কৌশল ব্যাখ্যা করতে গিয়ে কাটস বলেন, এখন ভেতরে প্রবেশ করে আবার চলে যাওয়ার পরিবর্তে আমাদের সেনাবাহিনী গাজার ভেতরেই অবস্থান করছে, সন্ত্রাসীরা রয়েছে বাইরে এবং ঘরবাড়িগুলো সব ধ্বংস করে দেওয়া হয়েছে।

এদিকে, দীর্ঘমেয়াদি সামরিক পরিকল্পনার অংশ হিসেবে গাজা উপত্যকার ভেতরে সামরিক বাহিনী নিয়ন্ত্রিত তিনটি নতুন বসতি স্থাপনের জন্য বিশেষ আউটপোস্ট বা সেনা ঘাঁটি নির্মাণের পরিকল্পনাও ঘোষণা করেছেন ইসরায়েল কাটস।

গাজায় দীর্ঘমেয়াদি সামরিক উপস্থিতি ও দখলদারিত্বের এ পরিকল্পনা আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে সমালোচনার জন্ম দিয়েছে।

সূত্র: মিডল ইস্ট আই

এম জি