আমিরাতের ২ ট্যাঙ্কারে হামলার দায় স্বীকার আইআরজিসির

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: জুলাই ১৪, ২০২৬, ১২:৪২ পিএম
আমিরাতের ২ ট্যাঙ্কারে হামলার দায় স্বীকার আইআরজিসির

হরমুজ প্রণালিতে সংযুক্ত আরব আমিরাতের দুটি তেলবাহী সুপারট্যাঙ্কারে ক্ষেপণাস্ত্র হামলার দায় স্বীকার করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। বাহিনীটির দাবি, তাদের সতর্কবার্তা অমান্য করে ‘মাইন পাতা পথ’ ব্যবহার করে অগ্রসর হওয়ার চেষ্টা করায় ওই দুটি জাহাজে হামলা চালানো হয়েছে। খবর আল জাজিরার।

ইরানের গণমাধ্যমে প্রকাশিত আইআরজিসির এক বিবৃতিতে বলা হয়, সংশ্লিষ্ট দুটি সুপারট্যাঙ্কার সতর্কবার্তা উপেক্ষা করার পাশাপাশি নিজেদের নেভিগেশন ব্যবস্থা বন্ধ করে মাইন পাতা একটি পথ দিয়ে চলাচলের চেষ্টা করেছিল। এ কারণে সেগুলোকে লক্ষ্য করে হামলা চালিয়ে অচল করে দেওয়া হয়েছে বলে দাবি করেছে বাহিনীটি।

বিবৃতিতে আরও অভিযোগ করা হয়, যুক্তরাষ্ট্র বাণিজ্যিক জাহাজগুলোকে ‘অবৈধ পথ’ ব্যবহারে উৎসাহিত করছে। আইআরজিসির ভাষ্য, এ ধরনের পদক্ষেপ এবং ‘আগ্রাসী শত্রুর’ সঙ্গে সহযোগিতা শুধু ক্ষয়ক্ষতিই বাড়াবে না, বরং হরমুজ প্রণালি পুনরায় উন্মুক্ত করার প্রক্রিয়া বিলম্বিত করবে এবং বৈশ্বিক জ্বালানি সংকট সৃষ্টি করতে পারে। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এম জি