জাতীয় সংসদ ধীরে ধীরে দেশের মানুষের কাছে আশার প্রতীক হয়ে উঠছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, সরকারের প্রস্তাবিত বাজেটের মূল লক্ষ্য হলো সাধারণ মানুষের জন্য একটি ন্যায়ভিত্তিক অর্থনৈতিক কাঠামো গড়ে তোলা এবং অর্থনীতিকে নতুন ভিত্তির ওপর দাঁড় করানো।
সোমবার জাতীয় সংসদে বাজেট আলোচনায় অংশ নিয়ে প্রধানমন্ত্রী বলেন, এবারের বাজেট একটি জীবনবান্ধব বাজেট। সরকারের আন্তরিক উদ্যোগের কারণেই বাজেট ঘোষণার পর অন্যান্য বছরের মতো নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে অস্থিরতা তৈরি হয়নি বলে তিনি উল্লেখ করেন।
অর্থনৈতিক সংকটের বিষয়টি স্বীকার করে প্রধানমন্ত্রী বলেন, সরকার বাস্তবসম্মত ও কার্যকর নীতির মাধ্যমে এই সংকট মোকাবিলায় কাজ করছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় একটি বড় বাজেট প্রণয়ন করা হয়েছে এবং জনগণ সরকারের ওপর যে আস্থা রেখেছে, তা রক্ষা করা সরকারের পবিত্র দায়িত্ব।
তিনি আরও বলেন, বাজেটের মাধ্যমে দেশের অর্থনীতিকে নতুন ভিত্তির ওপর দাঁড় করাতে চায় সরকার। মুষ্টিমেয় মানুষের হাতে অর্থনৈতিক সুবিধা সীমাবদ্ধ না রেখে সাধারণ মানুষের জন্য ন্যায়ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তোলাই সরকারের প্রধান উদ্দেশ্য।
প্রধানমন্ত্রী বলেন, এবারের বাজেটের অন্যতম লক্ষ্য হচ্ছে অর্থনীতিকে শৃঙ্খলার মধ্যে ফিরিয়ে আনা, বিনিয়োগের পরিবেশ আরও শক্তিশালী করা এবং কর্মসংস্থানের গতি বাড়ানো।
বক্তব্যের একপর্যায়ে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনার প্রসঙ্গ তুলে তিনি বলেন, সরকার যেকোনো মূল্যে এই মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে।
এএন
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন