বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মুহাম্মাদ ইসহাক দার।
রোববার বেলা ২টার দিকে জামায়াত আমিরের বাসভবনে ঘণ্টাব্যাপী এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে বলে দলের পক্ষ থেকে জানানো হয়েছে।
এ সময় তার সঙ্গে ছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী তারিক বাযওয়া, দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডিরেক্টর জেনারেল (সাউথ এশিয়া ও সার্ক) ইলিয়াস মেহমুদ নিজামী, ঢাকাস্থ পাকিস্তান হাইকমিশনের হাইকমিশনার ইমরান হায়দার, ডেপুটি হাইকমিশনার মুহাম্মাদ ওয়াসিফ ও পলিটিক্যাল কাউন্সেল কামরান দাঙ্গল প্রমুখ।
জামায়াতের নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন দলের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের, সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের ও জামায়াত আমিরের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মাহমুদুল হাসান।
সাক্ষাৎকালে পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার জামায়াত আমিরের সঙ্গে কুশল বিনিময় করেন। তিনি ডা. শফিকুর রহমানের স্বাস্থ্য সম্পর্কে খোঁজখবর নেন এবং তার দ্রুত আরোগ্য কামনা করেন। পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাতের জন্য তাকে আন্তরিক ধন্যবাদ জানান জামায়াত আমির।
ঘণ্টাব্যাপী এই বৈঠকটি আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। সাক্ষাৎ শেষে নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের সাংবাদিকদের উদ্দেশে সংক্ষিপ্ত ব্রিফ করেন।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন