আসাদুজ্জামান ফুয়াদ

ডাকসু নির্বাচন ফেয়ার হয়েছে, কোনো ইসলামপন্থি বিজয় হয়নি

বরিশাল ব্যুরো প্রকাশিত: সেপ্টেম্বর ১২, ২০২৫, ০৩:৩০ পিএম
ডাকসু নির্বাচন ফেয়ার হয়েছে, কোনো ইসলামপন্থি বিজয় হয়নি

আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, “জনআকাঙ্ক্ষা ও সময়কে যদি আমরা সঠিকভাবে না বুঝতে পারি, ৯১ বা ২০০১ সালের মানদণ্ডে ২০২৫-এর পরিস্থিতি বোঝার চেষ্টা করি, তাহলে সেটি ভুল হবে। ডাকসু নির্বাচন আগামী দিনের রাজনীতির একটি নতুন নির্বাচনী গ্রামার আমাদের হাতে তুলে দিয়েছে।”

শুক্রবার বেলা সাড়ে ১১টায় বরিশাল প্রেসক্লাবের হলরুমে আয়োজিত বরিশালের উন্নয়ন ও সমসাময়িক বিষয় নিয়ে প্রেস ব্রিফিংয়ে ফুয়াদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

ফুয়াদ বলেন, “ডাকসু নির্বাচনকে যদি ইসলামপন্থি বা জামায়াত-শিবিরের বিজয় হিসেবে পড়ার চেষ্টা করা হয়, তাহলে এটি তরুণদের বোঝার ক্ষেত্রে বিভ্রান্তি সৃষ্টি করবে। গণঅভ্যুত্থান বুঝতে না পারার মতো অবস্থায় বিএনপি, বাম বলয়ের কিছু বুদ্ধিজীবীরাও ডাকসু নির্বাচনকে ঠিকমত বিশ্লেষণ করতে পারছে না। ভোটের গ্রাফ পড়ে বোঝা যায়, আওয়ামী লীগের বাইরে দল ও প্রার্থী ভোট পেয়েছে এবং জামায়াত-শিবিরের জন্য তা হয়নি।”

তিনি আরও বলেন, “প্রপাগান্ডা করে ট্যাগ করা বা ছেলেদের পাকিস্তানি, মৌলবাদী আখ্যা দিয়ে বিষয়টিকে রঙিন করা উচিত নয়। এটি সাধারণ শিক্ষার্থীদের ভুল ধারণা দিচ্ছে। ডাকসু নির্বাচন ফেয়ার হয়েছে, কোনো ইসলামপন্থি বিজয় হয়নি। জামায়াত-শিবির, মৌলবাদ বা দক্ষিনপন্থি কোনো উত্থান হয়নি। এখানে চলমান রাজনৈতিক কালচারই ফেল করেছে।”

ফুয়াদ বলেন, “ভদ্রতা, সততা ও স্বচ্ছতা ছাড়া এখন আর ‘ঠিকাদারী’ রাজনীতি চলে না। তরুণরা দল বা মার্কা দেখে ভোট দেবে না, তারা ব্যক্তি ও কাজের মাধ্যমে বিচার করবে। আমাদের সবাইকে তাদের আকাঙ্ক্ষাকে সম্মান করতে হবে, অসম্মান করলে আমরা সবাই হেরে যাবো।”

প্রেস ব্রিফিংয়ে বরিশাল জেলার সদস্য সচিব জি এম রাব্বি, যুগ্ম আহবায়ক সুজন তালুকদার, বরিশাল মহানগরের যুগ্ম সদস্য সচিব ডা. তানভীর আহমেদ, সদস্য হায়দার ভূইয়া, নাজমুল মুন্নাসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ইএইচ