জামায়াত প্রার্থীদের মোটরসাইকেল শোভাযাত্রা বন্ধের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: নভেম্বর ২৪, ২০২৫, ০৮:৫৯ পিএম
জামায়াত প্রার্থীদের মোটরসাইকেল শোভাযাত্রা বন্ধের নির্দেশ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামায়াতে ইসলামী দলীয় প্রার্থীদের মোটরসাইকেল শোভাযাত্রা এবং র‌্যালি করতে নিষেধাজ্ঞা আরোপ করেছে। দলটির আমির শফিকুর রহমান এ সংক্রান্ত নির্দেশনা জারি করেছেন।

নিষেধাজ্ঞার লক্ষ্য হিসেবে উল্লেখ করা হয়েছে, নির্বাচনী এলাকায় মোটরসাইকেল শোভাযাত্রার কারণে দুর্ঘটনা ও আহতের ঘটনা ঘটতে পারে। তাই দেশের সব জেলা ও মহানগরী নির্বাচনী এলাকায় এই ধরনের কর্মসূচি বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

জামায়াতের প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের জানান, “সংগঠন অধস্তন শাখা ও নির্বাচনী প্রার্থীদের এই নির্দেশনা পাঠিয়েছে। নির্দেশনা সঠিকভাবে মেনে চলতে হবে।”

আগামী ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হওয়ার কথা। জামায়াত ইতিমধ্যে বিভিন্ন আসনে তাদের প্রার্থী চূড়ান্ত করেছে। নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে এই প্রার্থীরা মোটরসাইকেল শোভাযাত্রা পরিচালনা করছিলেন।

প্রসঙ্গত, গত শনিবার সাতক্ষীরায় এমন একটি শোভাযাত্রার সময় মোটরসাইকেলের ধাক্কায় ফজর আলী নামে এক বৃদ্ধ নিহত হন। এর আগে ১৪ নভেম্বর রংপুরে নির্বাচনী প্রচারণার সময় সড়ক দুর্ঘটনায় জামায়াতের এক কর্মী মারা যান।

ইএইচ