শহীদ শরীফ ওসমান বিন হাদি (ওসমান হাদি) হত্যার প্রতিবাদে সবাইকে উসকানিমূলক ও সহিংস কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
শুক্রবার সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত অবস্থান কর্মসূচিতে তিনি এই সতর্কবার্তা দেন।
তিনি বলেন, “কোনো দূতাবাস আক্রান্ত হলে বা স্যাবোটাজ চললে বহির্শক্তি এ দেশে হস্তক্ষেপের সুযোগ পাবে; আমরা সেই সুযোগ দিতে চাই না।”
নাসীরুদ্দীন পাটওয়ারী তার বক্তব্যে ভারতীয় আধিপত্যবাদের তীব্র সমালোচনা করে বলেন, ভারত থেকে শেখ হাসিনা নিরন্তর চক্রান্ত চালিয়ে যাচ্ছেন এবং ভারত তাতে সমর্থন দিচ্ছে। তবে এর প্রতিবাদে ভারতীয় দূতাবাস ভাঙচুর বা কোনো ধরনের হঠকারী সিদ্ধান্ত না নিতে তিনি ছাত্র-জনতার প্রতি অনুরোধ জানান।
তিনি বলেন, “যারা উসকানিমূলক কর্মকাণ্ডে লিপ্ত হয়ে সাংবাদিকদের ওপর হামলা করতে চায় বা দূতাবাসে হামলা করতে চায়, জনগণকে সাথে নিয়ে তাদের নিবৃত্ত করতে হবে। আমাদের আবেগকে লজিক ও বিবেক দিয়ে নিয়ন্ত্রণ করতে হবে।”
এনসিপি নেতা আরও উল্লেখ করেন যে, শহীদ ওসমান হাদি আজীবন অহিংস এবং গঠনমূলক রাজনীতির আদর্শ শিখিয়ে গেছেন। তিনি বলেন, “হাদি ভাই গড়ার কাজ করেছেন, ইনকিলাব কালচারাল সেন্টার প্রতিষ্ঠা করেছেন।
তিনি ছায়ানটের বিপরীতে নতুন ধারার সাংস্কৃতিক কেন্দ্র গড়ার কাজ করেছেন, কিন্তু কখনো ছায়ানট ভাঙতে যাননি।” ছাত্র-জনতার আন্দোলনে অনুপ্রবেশকারীরাই বিভিন্ন জায়গায় জ্বালাও-পোড়াও এবং ভাঙচুরে নেতৃত্ব দিচ্ছে বলে তিনি দাবি করেন এবং এর তীব্র নিন্দা জানান।
উল্লেখ্য, হাদি হত্যার প্রতিবাদে পূর্বঘোষিত বিক্ষোভ মিছিল বাতিল করে এদিন সন্ধ্যায় বাংলামোটরে অবস্থান কর্মসূচি পালন করেন এনসিপির নেতা-কর্মীরা।
কর্মসূচিতে ‘ভারতীয় আগ্রাসন রুখে দাও’, ‘দিল্লি না ঢাকা—ঢাকা ঢাকা’ সহ বিভিন্ন স্লোগান দেওয়া হয়। এ সময় এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব, জাতীয় ছাত্রশক্তির সভাপতি জাহিদ আহসান এবং জুলাইযোদ্ধা খান তালাত মাহমুদ রাফিসহ সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন