তারেক রহমানের সফরসঙ্গী হলেন যারা

লন্ডন প্রতিনিধি প্রকাশিত: ডিসেম্বর ২৪, ২০২৫, ১১:০৯ পিএম
তারেক রহমানের সফরসঙ্গী হলেন যারা

দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবনের ইতি ঘটিয়ে অবশেষে বাংলাদেশের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 

স্থানীয় সময় বুধবার বিকেল ৪টা ১৫ মিনিটে তিনি সপরিবারে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে প্রবেশ করেন এবং আনুষ্ঠানিক চেক-ইন সম্পন্ন করেন।

এর আগে দুপুর ২টা ১৫ মিনিটে তিনি লন্ডনের বাসভবন থেকে বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হন। নির্ধারিত সূচি অনুযায়ী, বাংলাদেশ বিমানের বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার (বিজি-২০২) ফ্লাইটটি স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে হিথ্রো বিমানবন্দর ত্যাগ করবে। সবকিছু ঠিক থাকলে বৃহস্পতিবার দুপুরে তিনি ঢাকায় অবতরণ করবেন।

তারেক রহমানের এই গুরুত্বপূর্ণ সফরে তার সঙ্গে রয়েছেন স্ত্রী ডা. জোবাইদা রহমান এবং কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। 

এছাড়া সফরসঙ্গী হিসেবে তার ব্যক্তিগত টিমের আরও তিন সদস্য, মিডিয়া প্রধান আবু আবদুল্লাহ সালেহ, ব্যক্তিগত সহকারী আব্দুর রহমান সানি এবং তাবাসসুম ফারহানা এই ফ্লাইটে ভ্রমণ করছেন।

দলীয় সূত্রে জানা গেছে, তারেক রহমানের জন্য বিজনেস ক্লাসের ৬টি টিকিট বরাদ্দ করা হলেও তাঁর সফরকে কেন্দ্র করে আরও অন্তত অর্ধশতাধিক নেতাকর্মী নিজস্ব উদ্যোগে একই ফ্লাইটের টিকিট কেটে তাঁর সঙ্গে দেশে ফিরছেন। ৬টি টিকিটের মোট মূল্য ৯ হাজার ৮৫৬ ব্রিটিশ পাউন্ড, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৬ লাখ টাকা।

তারেক রহমানের এই প্রত্যাবর্তনকে ঘিরে যুক্তরাজ্য প্রবাসী বিএনপি নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। বিমানবন্দরে তাকে বিদায় জানাতে বিপুল সংখ্যক কর্মী-সমর্থক ভিড় করেন।

ইএইচ