নির্বাচনকালে এনসিপির কোনো কার্যক্রমে থাকছেন না নুসরাত তাবাসসুম

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: ডিসেম্বর ২৯, ২০২৫, ১০:১৮ এএম
নির্বাচনকালে এনসিপির কোনো কার্যক্রমে থাকছেন না নুসরাত তাবাসসুম

জাতীয় নাগরিক পার্টির বা এনসিপির কোনো ধরনের নির্বাচনী কার্যক্রমে অংশ নেবেন না বলে জানিয়েছেন নুসরাত তাবাসসুম। দলটির এই যুগ্ম আহ্বায়ক রোববার রাতে নিজের ফেসবুক পেজে এই ঘোষণা দেন।

ফেসবুকে নুসরাত লিখেছেন আমি খুব সংক্ষেপে কিছু বিষয় জানাতে চাই। এনসিপি তার জন্মলগ্নে আমাদের গণতন্ত্রের সুষম চর্চা এবং নয়া বন্দোবস্ত ও অন্তর্ভুক্তিমূলক সমাজব্যবস্থাসহ বাংলাদেশপন্থা নিয়ে স্বপ্ন দেখিয়েছে। এই প্রতিটা শব্দ আমি আমার মনে ও মগজে ধারণ করি এবং এই শব্দগুলোই আমার রাজনৈতিক স্বপ্ন।

তিনি আরও জানান এনসিপি গঠনের সময় এটি ঠিক তা-ই ছিল যা আমি চেয়েছিলাম। দলটির ঘোষণাপত্র থেকে শুরু করে এর সবগুলো সাহিত্য এই একই বক্তব্য ধারণ করে।

নুসরাত অভিযোগ করে লেখেন আজ ২৮ ডিসেম্বর ঠিক ১০ মাস পর জামায়াতে ইসলামীসহ ১০ দলীয় জোটে অংশগ্রহণের মাধ্যমে এনসিপির নীতিনির্ধারকেরা নিজেরাই মূল বক্তব্য থেকে দূরে সরে গেছেন। বিশেষ করে আহ্বায়ক নাহিদ ইসলামসহ গুরুত্বপূর্ণ দায়িত্বশীলদের আমরা ৩০০ আসনে প্রার্থী দেওয়ার ঘোষণা দিতে শুনেছি।

নুসরাতের মতে তৃণমূল পর্যন্ত বিশেষ করে মনোনয়ন নেওয়া ব্যক্তিদের সাথে এই জোট ঘোষণার মাধ্যমে প্রবঞ্চনা করা হয়েছে। এ সমস্ত ঘটনার প্রেক্ষিতে আমি নিজেকে প্রাথমিকভাবে নির্বাচনকালীন সময়ে পার্টির সব কার্যক্রম থেকে নিষ্ক্রিয় করছি এবং অবস্থা বুঝে যেকোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেব।

উল্লেখ্য, নুসরাত কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনে এনসিপি থেকে প্রার্থী হয়ে নির্বাচন করতে দলীয় মনোনয়ন কিনেছিলেন।

জেএইচআর