তারেক রহমানের উত্তরাঞ্চল সফর স্থগিত

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: জানুয়ারি ৯, ২০২৬, ১০:৫৮ পিএম
তারেক রহমানের উত্তরাঞ্চল সফর স্থগিত

নির্বাচন কমিশনের (ইসি) অনুরোধে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের উত্তরাঞ্চল সফর স্থগিত করা হয়েছে। 

শুক্রবার রাতে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ তথ্য জানিয়েছেন।

লন্ডন থেকে দেড় দশকের নির্বাসন শেষে দেশে ফেরার পর এটিই ছিল তারেক রহমানের ঢাকার বাইরে প্রথম কোনো সাংগঠনিক সফর। আগামী ১১ জানুয়ারি থেকে ১৪ জানুয়ারি পর্যন্ত চার দিনের এই সফরে টাঙ্গাইল, সিরাজগঞ্জ, বগুড়া ও রংপুরসহ উত্তরের ৯টি জেলায় তার যাওয়ার কথা ছিল।

দলের পক্ষ থেকে জানানো হয়েছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ও আচরণবিধির বিভিন্ন দিক বিবেচনায় নিয়ে নির্বাচন কমিশন থেকে এই সফর স্থগিতের অনুরোধ জানানো হয়। নির্বাচন কমিশনের প্রতি সম্মান প্রদর্শন করে এবং নির্বাচনী পরিবেশ সুষ্ঠু রাখার স্বার্থে বিএনপি এই সিদ্ধান্ত নিয়েছে।

সফরকালে তারেক রহমানের মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানী ও জুলাই বিপ্লবের শহীদ আবু সাঈদের কবর জিয়ারতসহ বিভিন্ন সামাজিক ও ধর্মীয় কর্মসূচিতে অংশ নেওয়ার কথা ছিল। এই সফরকে কেন্দ্র করে উত্তরাঞ্চলের জেলাগুলোতে নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা বিরাজ করছিল। তবে সফর স্থগিত হওয়ায় নতুন কর্মসূচি পরবর্তী সময়ে জানানো হবে বলে দলীয় সূত্রে জানা গেছে।

ইএইচ