আমীর খসরু

ব্যবসার পরিবেশ সহজ ও আমলাতান্ত্রিক জটিলতা দূর করতে হবে

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: জানুয়ারি ১৪, ২০২৬, ০৪:৫৩ পিএম
ব্যবসার পরিবেশ সহজ ও আমলাতান্ত্রিক জটিলতা দূর করতে হবে

রাজনীতির পাশাপাশি দেশের অর্থনীতিকেও গণতান্ত্রিক করার প্রয়োজনীয়তার কথা জানিয়েছেন সাবেক বাণিজ্য মন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, ব্যবসা-বাণিজ্যসহ প্রায় সব ক্ষেত্রেই বাংলাদেশ একটি অতিনিয়ন্ত্রিত দেশ। তাই দ্রুত ব্যবসার পরিবেশ সহজ করতে হবে এবং আমলাতান্ত্রিক জটিলতা দূর করতে হবে।

বুধবার ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার বসুন্ধরায় ১৫তম গ্যাপেক্সপো-২০২৬ ও গার্মেনটেক বাংলাদেশ-২০২৬ উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। 

আমীর খসরু স্পষ্টভাবে জানান যে কাউকে বিশেষ পৃষ্ঠপোষকতার মাধ্যমে ব্যবসা করার সুযোগ দেয়া হবে না। সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করা হবে।

তিনি আরও বলেন, ব্যবসা সহজ করা ও খরচ কমানোর লক্ষ্যে ভবিষ্যতে ব্যবসায়ীদের সঙ্গে আমলাতন্ত্রের সরাসরি যোগাযোগ কমিয়ে আনা হবে। ব্যবসার যাবতীয় প্রশাসনিক কাজ আরও স্বচ্ছ করতে সব কার্যক্রম ধীরে ধীরে ডিজিটাল পদ্ধতিতে সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে।

অনুষ্ঠানে জাতীয় রাজস্ব বোর্ডের বা এনবিআর চেয়ারম্যান মো. আব্দুর রহমান খান উপস্থিত ছিলেন। তিনি বলেন, ব্যবসায়ীরা নানা ঝুঁকি নিয়ে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করছেন এবং দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করছেন। ব্যবসায়ীদের ভোগান্তি কমাতে ডিজিটালাইজেশনের মাধ্যমে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

জেএইচআর